ঢাকা: রাজধানীর কদমতলীর দনিয়ায় স্কুলের চাপে ছাত্রীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকদের মারধরে আহত হয়েছেন ব্রাইট স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অধ্যক্ষ মাসুদ হাসান লিটন।
বৃহস্পতিবার (২১ মে) বিকেল ৫টার দিকে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে পরে তাকে ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়।
জানা গেছে, গতকাল বুধবার স্কুলটির দশম শ্রেণির শিক্ষার্থী সুকন্যা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনার জন্য স্কুল কর্তৃপক্ষের চাপকে দায়ী করে বৃহস্পতিবার সকাল থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের একাংশ স্কুলের সামনে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা স্কুল অবরোধ করে চেয়ারম্যান ও শিক্ষকদের অবরুদ্ধ করে রাখেন।
স্কুলের শিক্ষার্থী মো. পারভেজ জানান, সুকন্যা আত্মহত্যার ঘটনায় দুপুরের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এসময় বিক্ষুব্ধ কয়েকজন অভিভাবক ও শিক্ষার্থী চেয়ারম্যান মাসুদ হাসান লিটনের ওপর হামলা চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
কদমতলি থানার উপ-পরিদর্শক (এসআই) সহিদুল হাসান জানান, ছাত্রীর আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে সকালে দনিয়ার স্কুলে অভিবাবক ও শিক্ষার্থীরা স্কুলের শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে। এক পর্যায়ে বিকেলের দিকে স্কুলের চেয়ারম্যান মাসুদ হাসানকে মারধরের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করা হয়। এরপর চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে হয়। তবে তাকে ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা শেষে ল্যাবএইড হাসপাতালে নিয়ে যায়।