Thursday 21 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রি-হজ কার্যক্রম ২০২৬ সম্পন্ন করলো বিমান

স্টাফ করেসপন্ডেন্ট
২১ মে ২০২৬ ২০:৪৭

– ছবি : সংগৃহীত

ঢাকা: পবিত্র হজ উপলক্ষে পরিচালিত বিমানের প্রি-হজ কার্যক্রম ২০২৬ সফলভাবে সম্পন্ন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বৃহস্পতিবার (২১ মে) সন্ধায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এ বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ২১৫ জন হজ যাত্রীকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সর্বশেষ হজ ফ্লাইট বিজি-৩৩৫-এর মাধ্যমে এ বছরের প্রি-হজ কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি হয়েছে।

বোসরা ইসলাম বলেন, চলতি বছরের হজ কার্যক্রমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৯৮টি প্রি-হজ ফ্লাইট পরিচালনার মাধ্যমে মোট ৩৮ হাজার ৬৮০ জন হজযাত্রীকে নিরাপদ, সুশৃঙ্খল ও আরামদায়কভাবে সৌদি আরবে পরিবহন করেছে। পাশাপাশি ঢাকায় সৌদিয়া ও ফ্লাইনাসের যাত্রীসহ সর্বমোট ৭৬ হাজার ১৯৭ জন যাত্রীর গ্রাউন্ড হ্যান্ডলিং সহ অন্যান্য যাত্রীসেবা কার্যক্রমও অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে সম্পন্ন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এসিআই লিমিটেড এবং ব্রাক ব্যাংক পিএলসি-এর সঙ্গে কোলাবোরেশনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজযাত্রীদের মধ্যে বিশেষ “হজ কেয়ার প্যাক” বিতরণ করে।

বিজ্ঞাপন

তিনি বলেন, এই বিশাল ও গুরুত্বপূর্ণ জাতীয় কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সহস্রাধিক কর্মকর্তা-কর্মচারী নিরলসভাবে দায়িত্ব পালন করেছেন। দক্ষতা, আন্তরিকতা, পেশাদারিত্ব ও সেবার উৎকর্ষতার মাধ্যমে জাতীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আবারও তার সক্ষমতা ও অঙ্গীকারের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। হজ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।

এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১৮ এপ্রিল “হজ ফ্লাইট-২০২৬” উদ্বোধনের মাধ্যমে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর