ঢাকা: সম্প্রতি গাজীপুরের সফিপুরে এপেক্স ফুটওয়্যার লিমিটেড-এর কারখানা পরিদর্শন করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। দেশের শিল্প খাতে টেকসই উন্নয়ন জোরদারের উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে প্রতিনিধি দলটি কারখানা পরিদর্শন করে। প্রতিনিধি দলে আরও ছিলেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজ ও ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।
ওশি ফাউন্ডেশন-এর প্রজেক্ট হেড মো. আলম হোসেন-এর সমন্বয়ে এ পরিদর্শনের আয়োজন করা হয়। এপেক্স ফুটওয়্যারের ম্যানেজিং ডিরেক্টর (ব্যবস্থাপনা পরিচালক) সৈয়দ নাসিম মঞ্জুর প্রতিনিধি দলকে স্বাগত জানান। এ সময় প্রতিষ্ঠানটির ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের জিএম মো. নাসরুল্লাহসহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শনিবার (২৩ মে) এপেক্স ফুটওয়্যার-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের জুতা ও চামড়া শিল্প কীভাবে বৈশ্বিক মানদণ্ড বজায় রেখে পরিচালিত হচ্ছে- তা পর্যবেক্ষণ করতে এসেছিল প্রতিনিধি দলটি। প্রতিনিধি দলটি প্রথমে বাংলাদেশের প্রথম ‘এলডব্লিউজি গোল্ড রেটেড’ সুবিধাসংবলিত এপেক্স ট্যানারি ইউনিট পরিদর্শন করেন। পরে তারা এপেক্সের জুতা উৎপাদন ইউনিটগুলো ঘুরে দেখেন। এ সময় প্রতিনিধি দলের সদস্যরা প্রতিষ্ঠানের আধুনিক উৎপাদনপ্রযুক্তি, দক্ষ জনবল, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং বিশ্বমানের নকশা সক্ষমতা সম্পর্কে ধারণা নেন। এপেক্সের উৎপাদন প্রক্রিয়ায় ইউরোপীয় প্রযুক্তি ও দক্ষতার প্রয়োগও তাদের বিশেষভাবে আকৃষ্ট করে।
পরিদর্শন শেষে এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর (ব্যবস্থাপনা পরিচালক) সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, পণ্যের মান ও টেকসই উন্নয়নের প্রতি আমাদের অঙ্গীকারের মাধ্যমে বাংলাদেশের উৎপাদন শিল্প কত দূর এগোতে পারে, তা ইউরোপীয় অংশীদারদের সামনে তুলে ধরতে পেরে আমরা গর্বিত। এই সফর বাংলাদেশের শিল্প খাতের প্রতি ইউরোপীয় দেশগুলোর আস্থারই প্রতিফলন। সেই আস্থা ধরে রাখতে আমরা কাজ করে যাব।
এপেক্স-এর পরিবেশবান্ধব উদ্যোগ, অন্তর্ভুক্তিমূলক ও বৈচিত্র্যময় বোর্ড অফ ডিরেক্টরস, উন্নত উৎপাদন ব্যবস্থাপনা এবং বিশ্বমানের ডিজাইনের প্রশংসা করেন প্রতিনিধি দলের সদস্যরা।
ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, এই সফরটি ইউরোপের সাথে বাংলাদেশের শিল্প খাতের শক্তিশালী সম্পর্কের একটি প্রতিফলন।