চাঁপাইনবাবগঞ্জ: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের দুর্নীতির বিষয়গুলো ধীরে ধীরে সামনে আনা হবে। যারা অনিয়ম-দুর্নীতি করেছে, তাদের ইন্টারিম সরকার ও আগের সরকারের সময়কার কর্মকাণ্ডসহ বিচারের মুখোমুখি করা হবে।
শনিবার (২৩ মে) দুপুরে শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের বিল ধাঞ্জিয়া খাল থেকে ভোইশগাড়া খাল পর্যন্ত পুনঃখনন কাজের উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কীভাবে সেচব্যবস্থা উন্নত করা যায় এবং কি কি উপায়ে পানির উৎস তৈরি করা সম্ভব, সে বিষয়ে সরকার কাজ করছে, যাতে মানুষের দুর্ভোগ দূর হয়। বজ্রপাত থেকে মানুষকে রক্ষা করতে সারাদেশে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা বাস্তবায়ন কাজ শুরু হয়েছে। পাশাপাশি আধুনিক প্রযুক্তিও ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানান।
তিনি আরও বলেন, খাল পুনঃখননের আওতায় ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করা হবে এবং দেশের নদীগুলো পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হচ্ছে। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে খাল খননের কাজ শুরু হয়েছে এবং আরও নতুন খাল খনন করা হবে। এছাড়া বিএনপি পদ্মা ব্যারেজ নামে একটি প্রকল্প গ্রহণের উদ্যোগ নিয়েছে এবং তিস্তা মহাপরিকল্পনার মাধ্যমে নদীগুলোর পানিপ্রবাহ সচল রাখার চেষ্টা করা হচ্ছে। বিএনপি জনগণের উন্নয়নের জন্য কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
পরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সৌরবিদ্যুৎ প্যানেলের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ।
শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব তোসিকুল আলম, পৌর বিএনপির আহ্বায়ক সফিকুল ইসলাম এবং শিবগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল বাসারসহ অন্যরা।