Sunday 24 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগ নিষিদ্ধে তদন্তের বিষয়ে কিছু জানেন না চিফ প্রসিকিউটর

স্টাফ করেসপন্ডেট
২৪ মে ২০২৬ ১৪:৫৬

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম – ছবি : সারাবাংলা

ঢাকা: দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে কোনো তদন্ত চলছে কি না, সে বিষয়ে নিজের প্রত্যক্ষ ধারণা নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, এ ধরনের তদন্ত থাকলে সে বিষয়ে তদন্ত সংস্থাই বিস্তারিত জানাতে পারবে।

রোববার (২৪ মে) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি আছে কি না- এমন প্রশ্নে চিফ প্রসিকিউটর বলেন, কোনো রাজনৈতিক সংগঠনের বিরুদ্ধে বর্তমানে তদন্ত চলছে কিনা, সে বিষয়ে তার কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই। ভবিষ্যতে এ ধরনের কোনো তথ্য জানা গেলে তা গণমাধ্যমকে জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

এদিকে, শাপলা চত্বরের মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে গ্রেফতার দেখানো নিয়ে বিভিন্ন মানবাধিকার সংস্থার সমালোচনার বিষয়ে জানতে চাইলে আমিনুল ইসলাম বলেন, তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে। চলমান বিচার প্রক্রিয়ায় বাইরের কোনো সংস্থার হস্তক্ষেপ কাম্য নয়- বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কার্যক্রম সম্পূর্ণভাবে তদন্ত সংস্থার এখতিয়ারভুক্ত। তাই অ্যামনেস্টি বা অন্য কোনো মানবাধিকার সংগঠনের এ বিষয়ে হস্তক্ষেপ করা উচিত নয়।

এ মামলায় আরও কোনো সাংবাদিককে গ্রেফতার দেখানো হতে পারে কি না- এমন প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে নির্দোষ কাউকে হয়রানি করার উদ্দেশ্যে বিচার প্রক্রিয়ায় আনা হবে না- বলেও আশ্বাস দেন তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর