ঢাকা: জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট প্রায় ১৫০টি মামলার তদন্ত চলছে। এর মধ্যে ৩১টি মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। এছাড়া ২২টি মামলার বিচার কার্যক্রম চলমান এবং দুটি মামলা বর্তমানে রায়ের অপেক্ষায় আছে।
রোববার (২৪ মে) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এসব কথা জানান।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলাগুলো যাচাই-বাছাই করা হচ্ছে এবং কোনো নিরীহ ব্যক্তিকে ভুয়া মামলায় হয়রানি করা হবে না।
চিফ প্রসিকিউটর বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে সংঘটিত গুম, খুন, নির্যাতন ও ক্রসফায়ারের মতো নানা অভিযোগ সামনে এসেছে। এসব ঘটনার তদন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান রয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার বিচার যেন দ্রুত সম্পন্ন হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের বিশেষভাবে নজর রাখতে হবে।
এ সময় সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রসঙ্গও তুলেন তিনি। এত বছর পরও ওই মামলার তদন্ত শেষ না হওয়াকে দুঃখজনক উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার যাতে দীর্ঘসূত্রতায় না পড়ে, সেদিকেও নজর রাখা জরুরি।