Sunday 24 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রামিসা হত্যার বিচার ৫-৭ দিনের মধ্যে শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৬ ১৫:৩৪ | আপডেট: ২৪ মে ২০২৬ ১৬:১৪

সচিবালয়ে বিএসআরএফ সংলাপে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ – ছবি : সংগৃহীত

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার বিচার বিশেষ আদালত বসিয়ে ৫ থেকে ৭ দিনের ভেতর শেষ করা হবে।

রোববার (২৪ মে) দুপুরে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত বিএসআরএফ সংলাপে তিনি এ কথা বলেন।

সরকার পল্লবীর ঘটনায় আসলে অনেক আন্তরিকতা দেখিয়েছে, গতকাল প্রধানমন্ত্রীও বলেছেন। কিন্তু এরই মধ্যে গতকালই আবার কলাবাগানে একই ঘটনা ঘটেছে, আট বছরের শিশুর ক্ষেত্রে। যারা এ ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের কাছে সরকার কি আসলে সঠিক ম্যাসেজটা দিতে পারছে না- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটা আসলে সামাজিক অবক্ষয়, সামাজিক মূল্যবোধ। এখানে সমাজ সংস্কারের দরকার। যেখানে সামাজিক মূল্যবোধকে তুলে ধরা দরকার, আমাদের ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে, কালচারের ভিত্তিতে। কিন্তু কিছু কিছু অপসংস্কৃতির আছর আমাদের সমাজে পড়েছে। কিছু কালচার এমন হয়েছে, এটা অপসংস্কৃতির কারণে। ধর্ষণের মাত্রা বা ধর্ষণের যে অবস্থা, সংখ্যা, ঘটনা—এটা আমাদের সহ্যসীমার বাইরে চলে যাচ্ছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা কী করতে পারি? সরকার হিসেবে আমরা করতে পারি যে, তার আইনানুগ ব্যবস্থা এবং বিচারের ব্যবস্থাটা নিশ্চিত করা। আমরা সবচাইতে মনোযোগ এখানেই দিয়েছি, দ্রুততম সময়ে যাতে অভিযুক্ত বা অপরাধীরা গ্রেফতার হয়। সেই জায়গায় আমরা এই তিন মাসে প্রত্যেকটি ঘটনায় সফল হয়েছি, ইনশাআল্লাহ। আর আল্লাহর রহমতে ভবিষ্যতেও আমরা এই জাতীয় যেকোনো ঘৃণ্য অপরাধের অভিযুক্ত বা অপরাধীদের কোনোভাবেই ছাড় দেবো না।

রামিসাকে ধর্ষণ এবং হত্যা করার পর আসামিকে ৭ ঘণ্টার ভেতরে গ্রেফতার করা হয়েছে- জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সেই ১৬৪-এর স্টেটমেন্টে সহযোগী অপরাধী হিসেবে তার স্ত্রীকেও, তার নামও এসেছে; তাকেও গ্রেফতার করা হয়েছে। আমরা খুব দ্রুততার সঙ্গে আদালতের অনুমতি নিয়ে ডিএনএ টেস্ট করিয়েছি। সেই টেস্ট তিনদিনের সময় লাগে, তিনদিনের মধ্যে সেটা সমাপ্ত হয়েছে। রিপোর্ট কালকে বিকেলে জমা হয়েছে। পোস্টমর্টেম রিপোর্টটা আমরা হাতে পেয়েছি ইতোমধ্যেই।

তিনি বলেন, এগুলো সব একসঙ্গে কম্পাইল করে চার্জশিট প্রণয়নের কাজটা কালকে রাতের মধ্যে সমাপ্ত হয়েছে। আজকে দিনে আদালতে সেটা সোপর্দ করা হবে, হয়তো ইতোমধ্যে হয়ে গেছে। আদালত এর মধ্যে ছুটিতে যাবে আপনারা অনেকে জানেন। কিন্তু এই বিশেষ আদালতের ছুটি চিফ জাস্টিস বাতিল করার চিন্তা করছেন; এখনো হয়েছে কি না আমি জানি না, এটা আইন মন্ত্রণালয় ডিল করছে।

তিনি বলেন, আমরা একজন স্পেশাল পিপি নিয়োগ করেছি শুধুমাত্র এই মামলাটা ডিল করার জন্য। সবকিছু বিবেচনায় আমরা আশা করছি যে আজকের মধ্যে তো চার্জশিট দেওয়া হবেই এবং খুব সম্ভবত ৫ থেকে ৭ দিনের ভেতরে এর বিচার কার্য সমাপ্ত হবে।

সচিবালয়ের ৫ নম্বর গেট দিয়ে সাংবাদিকদের প্রবেশ সংক্রান্ত দাবির বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, সচিবালয়ের পাঁচ নম্বর গেট দিয়ে সাংবাদিকদের প্রবেশ এবং বাহির হওয়ার বিষয়ে যে দাবি জানানো হয়েছে সেটা লিখিতভাবে দিলে আমি দেখবো। যেহেতু সচিবালয়ের নিরাপত্তার দায়িত্ব কিছু কর্মকর্তা পালন করেন। এখানে রেগুলার প্রধানমন্ত্রী অফিস করেন সব মিলিয়ে নিরাপত্তা ব্যবস্থাটা যাচাই বাছাই করতে হবে। অবশ্যই আপনাদের দাবি দাওয়া সবকিছু যৌক্তিক। এগুলো মেনে নেওয়ার ব্যাপারে আমাদের কোনো সংকোচ নেই। তবে এটা অনুমতি দেওয়ার আগে মিনিমাম যাচাই বাছাই করতে হবে। এটা বড় কোনো বিষয় নয়। আজকে মাননীয় তথ্যমন্ত্রীর সাথে বৈঠক হবে সেখানেও তুলে ধরবো।

তিনি বলেন, সচিবালয়ে সাংবাদিকরা আসতেই পারে, তবে যারা সচিবালয়ে দায়িত্ব পালন করবে তাদের তালিকা যদি সংশ্লিষ্ট মিডিয়া থেকে একটা তালিকা দেয় তাহলে সুবিধা হয়। কোন মিডিয়া হাউজ কাদেরকে কাভার করতে দায়িত্ব দেবে সেটা তাদের নিজস্ব ব্যাপার। আমরা শুধু নিরাপত্তা পাস ইস্যুর বিষয়। এখন পর্যন্ত যেভাবে চলছে সেটা এডহক ভিত্তিতে সবকিছু চলছে বলে আমার মনে হয়। যেবিষয়টি বলা হয়েছে প্রেস ক্লাব সন্নিকটে, আপনাদের যেহেতু প্রেস ক্লাবে সাবসিডাইস প্রাইসে লাঞ্চ করার সুযোগ আছে। সেজন্য এই ৫ নম্বর গেট থেকে আসা যাওয়ার সুযোগ দিতে হবে। যেহেতু এই পাশের ভবনে প্রধানমন্ত্রী অফিস করেন তার নিরাপত্তার বিষয় এবং কতজন সাংবাদিক আসা যাওয়া করবেন সেটাও দেখতে হবে।

বিএসআরএফ ভবনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখানে একটি ভবন হওয়া দরকার। এ বিষয়ে আপনারা পূর্তমন্ত্রী মহোদয়ের সঙ্গে যোগাযোগ করেন। আমার দিক থেকে আমি মনে করি এখানে একটা ভবন দরকার।

বিএসআরএফ সভাপতি মাসউদুল হক-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল-এর সঞ্চালনায় সংলাপে প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর