Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শিশু রামিসা হত্যা মামলা: বিচার শুরু হতে পারে ১ জুন

স্টাফ করেসপন্ডেট
২৪ মে ২০২৬ ১৮:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা-কে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১ জুন দিন ধার্য করেছেন আদালত। ওইদিন অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচারকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

রোববার (২৪ মে) বিকেলে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন-এর আদালত আসামিদের বিরুদ্ধে দাখিল করা চার্জশিট আমলে নিয়ে এ আদেশ দেন।

এর আগে দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক অহিদুজ্জামান আদালতে চার্জশিট জমা দেন। এতে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার-কে অভিযুক্ত করা হয়। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত চার্জশিট গ্রহণ করে মামলাটি বিচারের জন্য শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বদলির নির্দেশ দেন।

বিজ্ঞাপন

মামলা সূত্রে জানা যায়, রামিসা রাজধানীর একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। গত ১৯ মে সকালে বাসা থেকে বের হলে স্বপ্না আক্তার তাকে কৌশলে নিজেদের কক্ষে নিয়ে যায়। পরে শিশুটিকে খুঁজতে গিয়ে তার মা আসামিদের কক্ষের সামনে রামিসার জুতা দেখতে পান। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বপ্না-কে হেফাজতে নেয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানা-কে গ্রেফতার করা হয়।

পরদিন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় মামলা দায়ের করেন। পরে আদালতে দেওয়া জবানবন্দিতে সোহেল রানা ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। সে জানায়, ঘটনার আগে মাদক সেবন করেছিল। তদন্তে পাওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতেই দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সারাবাংলা/টিএম/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর