সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের দিলরুবা বাসস্ট্যান্ড ও মশিপুর এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরও চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
সোমবার (২৫ মে) সকাল ও দুপুরে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পাবনা জেলার সাঁথিয়া উপজেলার হলুদঘর গ্রামের সবুজ প্রামাণিকের মেয়ে সারা খাতুন (৮) এবং শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের মশিপুর গুচ্ছ গ্রামের আলমগীর হোসেনের ছেলে আহম্মদ (৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ১১টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের দিলরুবা বাসস্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে লবণবোঝাই একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যায় শিশু সারা খাতুন।
এ ঘটনায় সিএনজিতে থাকা তার বাবা সবুজ প্রামাণিক, মা মিতা খাতুন এবং দুই ভাইবোন সোহা খাতুন ও আয়ান গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় মহাসড়কে যানবাহনের চাপ ছিল বেশি। দ্রুতগতিতে চলাচলকারী ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজির সামনে চলে আসে বলে ধারণা করা হচ্ছে। এতে মুহূর্তেই ভয়াবহ সংঘর্ষের সৃষ্টি হয়।
অন্যদিকে একই দিন দুপুরে উপজেলার মশিপুর এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি যানবাহনের ধাক্কায় আহত হয় শিশু আহম্মদ। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তবে দুর্ঘটনার পর ঘাতক যানবাহনটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
দুইটি দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুদের স্বজনদের আহাজারিতে স্থানীয় পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দারা মহাসড়কে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, দিলরুবা বাসস্ট্যান্ড এলাকায় সিএনজি ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে এবং একই পরিবারের চারজন আহত হয়েছেন। আহতদের ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া মশিপুর এলাকায় পৃথক আরেকটি দুর্ঘটনায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দের চেষ্টা চলছে এবং সংশ্লিষ্ট চালকদের শনাক্তে কাজ করছে পুলিশ। মহাসড়কে দুর্ঘটনা রোধে নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।