Thursday 28 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের দিন ঢাকার বায়ুর মান ‘সন্তোষজনক’

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৬ ১১:২৮

ঢাকা শহর -ছবি : সারাবাংলা

ঢাকা: ঈদের ছুটি ও টানা বৃষ্টির সুবাদে ঢাকার বায়ুর মানে লক্ষণীয় উন্নতি হয়েছে। রাস্তাঘাট ফাঁকা থাকা এবং বৃষ্টির কারণে ধুলাবালি ধুয়ে যাওয়ায় গত কয়েক দিনের তুলনায় ঢাকার বাতাস এখন অনেক সহনীয় পর্যায়ে রয়েছে।

আন্তর্জাতিক এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, বৃহস্পতিবার (২৮ মে) সকাল ১০টা ৪২ মিনিটে ঢাকার বায়ুর মানের স্কোর ছিল ৭৭। এই স্কোর নিয়ে ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত ১২৭টি শহরের তালিকায় ১৯তম অবস্থানে রয়েছে এবং শহরটির বাতাস বর্তমানে ‘মাঝারি’ পর্যায়ে আছে।

অন্যদিকে, বর্তমানে দূষণের শীর্ষে রয়েছে ভারতের দিল্লি, যার স্কোর ১৬৬। তালিকার দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ১৫৬ এবং তৃতীয় স্থানে থাকা ফিলিপাইনের ম্যানিলার স্কোর ১১৯। এছাড়া চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে চিলির সান্তিয়াগো এবং আলজেরিয়ার আলজিয়ার্স অবস্থান করছে।

বিজ্ঞাপন

পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, ঈদের ছুটিতে রাজধানী জুড়ে যানবাহনের চাপ ও নির্মাণকাজ উল্লেখযোগ্য হারে কমেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে টানা ভারী বৃষ্টিপাত। এই দুইয়ের প্রভাবে বায়ুদূষণের মাত্রা তাৎক্ষণিকভাবে নিচে নেমে এসেছে। বৃষ্টিতে বায়ুমণ্ডলের ধুলাবালি কমে যাওয়ায় নগরের বাতাস এখন বেশ সহনীয়।

একিউআই সূচক অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর থাকলে বায়ুর মান ‘মাঝারি’ হিসেবে গণ্য করা হয়। তবে বায়ুর মান ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। শীতকালে বায়ুর আর্দ্রতা ও তাপমাত্রা পরিবর্তনের কারণে দূষিত কণাগুলো বায়ুমণ্ডলের নিচের স্তরে আটকে থাকে, যার ফলে ওই সময়ে ঢাকার বায়ুর মান সাধারণত খারাপ থাকে। বর্তমান পরিস্থিতিতে বিশেষ করে শিশু, বয়স্ক এবং শ্বাসতন্ত্রের সমস্যা থাকা ব্যক্তিদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন পরিবেশ বিশেষজ্ঞরা।

সারাবাংলা/এফএন/এসআর