ঢাকা: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে শনিবার (১১ টায়) জিয়া উদ্যানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করবেন। জিয়ারত শেষে সেখানে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
শ্রদ্ধা নিবেদন শেষে বেলা সাড়ে ১১টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন এলাকায় দুঃস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী। পরবর্তীতে তিনি ঢাকার বিভিন্ন স্থানে আয়োজিত একই ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। শহীদ জিয়াউর রহমানের স্মরণে গত ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত ৮ দিনব্যাপী বিশেষ কর্মসূচি পালন করছে বিএনপি। এই সময়ে সারাদেশে বিশেষ পোস্টার প্রকাশ ও কালো ব্যাজ ধারণসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে তিনি রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসেন এবং ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে নির্মমভাবে নিহত হন তিনি।