Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আজ ঢাকার বায়ুর মান ‘সহনীয়’

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ মে ২০২৬ ১৩:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: পবিত্র ঈদুল আজহার ছুটিতে রাজধানী ঢাকা এখন জনশূন্য ও কোলাহলমুক্ত। ঈদ উপলক্ষ্যে নগরীর বেশিরভাগ মানুষ গ্রামের বাড়িতে যাওয়ায় এবং সরকারি-বেসরকারি অফিসসহ শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যাংক-বিমা বন্ধ থাকায় রাস্তায় যানবাহনের চলাচল খুবই কম। ফাঁকা এই রাজধানীতে দীর্ঘদিন পর বায়ুর মান এখন মানুষের শ্বাস-প্রশ্বাসের জন্য সহনীয় বা মাঝারি পর্যায়ে ফিরে এসেছে।

শনিবার সকাল ৮টা ১৮ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) তথ্য অনুযায়ী, ঢাকার বায়ুর দূষণ স্কোর রেকর্ড করা হয়েছে ৯৯।

আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, বায়ুর মান যদি শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকে তবে তাকে ভালো বলে গণ্য করা হয়। আর স্কোর ৫১ থেকে ১০০-এর মধ্যে থাকলে তাকে সহনীয় বা মাঝারি মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। সেই হিসেবে ঢাকার বাতাসের মান এখন বেশ স্বস্তিদায়ক অবস্থানে রয়েছে। তবে বিশ্বের অন্য শহরের চিত্র ভিন্ন। একই সময়ে সৌদি আরবের রিয়াদের দূষণ স্কোর ২০১, যা সেখানকার বায়ুর মানকে খুবই অস্বাস্থ্যকর করে তুলেছে। বায়ুদূষণের এই তালিকায় রিয়াদ আজ শীর্ষে অবস্থান করছে।

বিজ্ঞাপন

সাধারণত ১০১ থেকে ১৫০ পর্যন্ত স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। এছাড়া ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ পর্যন্ত খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বায়ুর মান হিসেবে গণ্য করা হয়। জনবহুল এই মহানগরীতে স্বাভাবিক সময়ে যানবাহনের ধোঁয়া ও ধূলিকণার কারণে বাতাসের যে দূষণ তৈরি হয়, ঈদের ছুটিতে সেটি অনেকাংশেই কমে এসেছে। শহরজুড়ে বিরাজমান এই নির্মল পরিবেশ রাজধানীবাসীর জন্য এক অনন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে।

সারাবাংলা/এফএন/এসআর
বিজ্ঞাপন

আরো