Saturday 30 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদ্-দ্বীনে শিশু মৃত্যুর প্রতিবেদন ৩ জুন: স্বাস্থ্যমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ মে ২০২৬ ১৩:৩৬

– ছবি : সংগৃহীত

ঢাকা: রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার সময় আরও তিন দিন বাড়ানো হয়েছে। আগামী ৩ জুন এই প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

শনিবার রাজধানীর মহাখালী স্বাস্থ্য অধিদফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন আজ জমা দেওয়ার কথা থাকলেও সন্তানহারা মায়েদের বক্তব্য এখনো গ্রহণ করা সম্ভব হয়নি। এই কারণে কমিটিকে বাড়তি সময় দেওয়া হয়েছে। সব পক্ষের বক্তব্য নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী ৩ জুন জমা দেওয়া হবে। তদন্তে কোনো অনিয়ম বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, এক মায়ের অনুরোধে রাত ২টা থেকে ৪টা পর্যন্ত ওয়ার্ডের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বন্ধ রাখা হয়েছিল। ওই সময় পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থাও ছিল না। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমেই নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও বলেন, তদন্তকারী দল হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, চিকিৎসাসেবা, ওয়ার্ডের পরিবেশ এবং সংশ্লিষ্টদের দায়িত্ব পালনের বিষয়গুলো খতিয়ে দেখছে। তদন্ত শেষ হলে ঘটনার প্রকৃত চিত্র সামনে আসবে।

গত বুধবার রাতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের আবেদনের পর ছয় নবজাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এই ঘটনায় এক নবজাতকের পরিবারের পক্ষ থেকে রাজধানীর রমনা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ১১ জন মা ও ছয় নবজাতক ভর্তি ছিল। এক মায়ের অনুরোধে এসি বন্ধ রাখার পর গরম অনুভূত হওয়ায় তা আবার চালু করা হয়। এর কিছুক্ষণ পরই নবজাতকরা অসুস্থ হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত একে একে ৬ জনের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর