ঢাকা: রাজধানীর ডেমরা বাঁশেরপুর এলাকায় একটি স্টিল মিলে লোহা গলানোর সময় বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রোববার (৩১মে) সকাল সাড়ে ৭টার দিকে বাঁশেরপুল জেডএসআরএম নামক স্টিল মিলে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- সাব্বির হোসেন (২৪), তোফাজ্জল হোসেন (৪৮) ও মাজেদ হোসেন (৫২)।
তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আল-আমিন হোসেন জানান, সকালে তারা স্টিল মিলে ব্রয়লার মেশিনে লোহা গালানোর কাজ করছিলেন। তখন ব্রয়লারের মধ্যে গোলযোগের কারণে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে গলিত লোহা আশপাশে ছড়িয়ে পড়লে তাদের তিন শ্রমিক দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, সাব্বিরের ৩৫শতাংশ, তোফাজ্জলের ২৩ শতাংশ এবং মাজেদ হোসেনের ১ শতাংশ পুড়ে গেছে। মাজেদকে ছুটি দেয়া হয়েছে। বাকি দুজনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।