ঢাকা: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে রাজধানীর রূপনগরে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে রূপনগর থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।
রোববার (৩১ মে) দুপুরে পল্লবীর চলন্তিকা মোড়ে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
অনুষ্ঠানে আমিনুল হক বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রনায়ক ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের উন্নয়ন ও জনকল্যাণমুখী রাজনীতির রূপকার। কৃষি, শিল্প, শিক্ষা, কর্মসংস্থান ও গ্রামীণ উন্নয়নের মাধ্যমে তিনি যে স্বপ্নের বাংলাদেশের ভিত্তি গড়ে দিয়েছিলেন, তা আজও আমাদের অনুপ্রেরণা জোগায়। আমরা হয়তো তাঁর শাসনামল সরাসরি দেখিনি, কিন্তু তাঁর কর্ম ও অবদানের ইতিহাস আমাদের সামনে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে।
তিনি বলেন, জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে বিএনপির রাজনীতি সাধারণ মানুষের কল্যাণে নিবেদিত। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাঁর রাজনৈতিক দর্শনের অন্যতম শিক্ষা। সেই আদর্শ অনুসরণ করে আমাদের নেতাকর্মীদের জনগণের পাশে থাকতে হবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করতে হবে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, যত ভালো কিছু আছে তার পক্ষে থাকুন, আর যেসব কাজ সমাজ ও রাজনীতিকে কলুষিত করে সেগুলো থেকে দূরে থাকুন। জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করাই আমাদের মূল দায়িত্ব।
আমিনুল হক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশের উন্নয়ন ও গণমানুষের কল্যাণে নানা কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছেন। জনগণকে সঙ্গে নিয়ে একটি সমৃদ্ধ, উন্নত ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।