Tuesday 02 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বর্ষার আগেই জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ চান চসিক মেয়র

স্টাফ করেসপন্ডেন্ট
২ জুন ২০২৬ ১৩:৪২

– ছবি : সংগৃহীত

চট্টগ্রাম: আসন্ন বর্ষায় নগরীকে জলাবদ্ধতামুক্ত রাখতে ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার রাখা, ম্যানহোলের ঢাকনা ও র‌্যালিং স্থাপন এবং সিসিটিভির মাধ্যমে নগরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো পর্যবেক্ষণের নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)-এর মেয়র ডা. শাহাদাত হোসেন।

সোমবার (১ জুন) টাইগারপাসের চসিক কার্যালয়ে আয়োজিত চসিক-এর বিভাগীয় প্রধানদের সাথে সমন্বয় সভায় এ নির্দেশনা দেন মেয়র।

মেয়র চসিকের প্রধান প্রকৌশলীকে নির্দেশনা দিয়ে বলেন, গত বছর যে সব পয়েন্টে জলাবদ্ধতা হয়েছিল সেগুলো চিহ্নিত করে এ বছর সেখানে জলাবদ্ধতা নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণ করে কাজ করতে হবে। প্রয়োজনে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের সাথে কথা বলে, যেসব স্থানে পানি অপসারণের জন্য পাম্প বসানো প্রয়োজন, সেসব স্থানে পাম্প বসানোর উদ্যোগ নিতে হবে।

বিজ্ঞাপন

প্রয়োজনে ৮-১০টি গুরুত্বপূর্ণ পয়েন্টকে সিসিটিভির আওতায় আনতে হবে, যাতে প্রবল বর্ষার সময়ে সে সব স্থানের পরিস্থিতি মনিটরিং করা যায়। যে সব ম্যানহোলের ঢাকনা চুরি হয়েছে অথবা নেই, সেগুলোতে ম্যানহোলের ঢাকনা স্থাপনের ব্যবস্থা করতে হবে। ঝুঁকিপূর্ণ বিভিন্ন খাল ও নালার পাশে সুরক্ষার জন্য র‌্যালিং নির্মাণ করতে হবে।

নগরীর পরিচ্ছন্নতার উন্নয়নের জন্য পরিচ্ছন্ন বিভাগের প্রতিটি জোনের কোন কোন অংশ থেকে ময়লা অপসারণ ব্যাহত হচ্ছে, সেগুলো চিহ্নিত করতে বলেন মেয়র। প্রয়োজনে যেসব স্থানে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নেই, সেগুলোতে এসটিএস স্থাপনের জন্য নির্দেশ দেন মেয়র।

প্রধান রাজস্ব কর্মকর্তাকে চট্টগ্রাম সিটি করপোরেশনের রাজস্ব আদায় বাড়াতে নির্দেশনা দিয়ে মেয়র বলেন, বন্দর থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রাপ্য রাজস্ব যাতে নিশ্চিত হয়, সে ব্যাপারে সচেষ্ট থাকতে হবে। এ ছাড়া, যে সব কনটেইনার ইয়ার্ডের (অফডক) রাজস্ব নির্ধারণ করা বা পুনর্নির্ধারণ প্রয়োজন, সেগুলোতে রাজস্ব যথাযথভাবে নির্ধারণ করতে হবে। চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় গত কয়েক বছরে কতগুলো ফ্ল্যাটের মালিকানা নিবন্ধিত হয়েছে, সেগুলো হোল্ডিং ট্যাক্সের আওতায় এসেছে কিনা, সেগুলোর তথ্য সংগ্রহের নির্দেশনা দেন মেয়র।

সভায় চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিনসহ বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। প্রধান শিক্ষা কর্মকর্তা কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন সংস্কার করা প্রয়োজন জানালে চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যেসব ভবন ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে, সেগুলো সংস্কারের নির্দেশনা দেন মেয়র।

সারাবাংলা/এসএন/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর