Saturday 06 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশইনের চেষ্টা ব্যর্থ, ২৮ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৬ ১৩:০৯

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপে ব্যর্থ হয়েছে। পরে সীমান্তে আটকে থাকা ২৮ জন ব্যক্তিকে বিএসএফ ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে বলে ধারণা করছে বিজিবি।

গত বৃহস্পতিবার (৪ জুন) গভীর রাতে বাঙ্গাবাড়ি সীমান্তের ২০৩/৬-আর পিলার সংলগ্ন এলাকায় বিএসএফের ১২ ব্যাটালিয়নের জোয়ানরা হঠাৎ ফ্লাডলাইট নিভিয়ে দেয়। এরপর কাঁটাতারের গেট খুলে ১২ জন পুরুষ, ১০ জন নারী ও ৬ জন শিশুসহ মোট ২৮ জনকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। বিজিবির টহল দল তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলায় সেই চেষ্টা ব্যর্থ হয়। সকালে আলো ফোটার পর বিএসএফ তাদের ওপর লাঠিচার্জ করে আবারও পুশ-ইনের চেষ্টা চালালে সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনার পর দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ পুশ-ইনের কথা স্বীকার করলেও তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত জানায়নি।

বিজ্ঞাপন

আজ শনিবার (৬ জুন) সকালে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, উক্ত ব্যক্তিবর্গ ভারতের অভ্যন্তরে শূন্য লাইন হতে প্রায় ৫০ গজ দূরে অবস্থান করছিল। বর্তমানে সীমান্তের ১৫০ গজের মধ্যে তাদের অবস্থান পরিলক্ষিত হচ্ছে না। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় বিএসএফ তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে।

বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন সীমান্ত পরিদর্শন করেছেন। বিজিবি জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সীমান্তে নজরদারি জোরদার রয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর