ঢাকা: ইসলামী ব্যাংক রক্ষায় সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে বেসরকারি সংগঠন
‘নাগরিক মঞ্চ’।
রোববার (৭ জুন) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এ দাবি জানানো হয়। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা এতে অংশ নেন।
সভায় বক্তারা বলেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে ইসলামী ব্যাংককে দুর্বল করার চেষ্টা করছে। দেশের অন্যতম বৃহৎ এই আর্থিক প্রতিষ্ঠানের প্রতি গ্রাহকদের আস্থা নষ্ট করার অপচেষ্টা বন্ধ করতে হবে এবং ব্যাংকটিকে সব ধরনের ষড়যন্ত্র থেকে রক্ষা করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তারা বলেন, দেশের আর্থিক খাতের স্থিতিশীলতা রক্ষায় ইসলামী ব্যাংককে টিকিয়ে রাখা এবং গ্রাহকদের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করা জরুরি। ইসলামী ব্যাংকের সঙ্গে যুক্ত কোটি কোটি গ্রাহকের আমানত ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও রাষ্ট্রের দায়িত্ব। এজন্য সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। গ্রাহকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার নামে কোনো ধরনের অনিয়ম বা নয়-ছয় বরদাশত করা উচিত নয়। দ্রুত সময়ের মধ্যে গ্রাহকদের স্বার্থ সংরক্ষণ, ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখা এবং আস্থার পরিবেশ ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘দেশপ্রেমিক নাগরিক পার্টি’র চেয়ারম্যান ও নাগরিক মঞ্চের প্রধান সমন্বয়কারী আহসান উল্লাহ শামীম। এছাড়া নাগরিক মঞ্চের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।