Sunday 07 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ অব্যাহত

স্টাফ করেসপন্ডেন্ট
৭ জুন ২০২৬ ১৫:২৫ | আপডেট: ৭ জুন ২০২৬ ১৬:১০

ইসলামী ব্যাংক প্রধান কার্যালয়ের সামনে সচেতন গ্রাহক ফোরাম’-এর বিক্ষোভ – ছবি : সারাবাংলা

ঢাকা: ইসলামী ব্যাংকের নব নিযুক্ত চেয়ারম্যান মো. খুরশিদ আলম-এর পদত্যাগ এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খান-এর পুনর্বহালের দাবিতে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে বিক্ষোভ অব্যাহত রয়েছে।

টানা আন্দোলনের অংশ হিসেবে রোববার (৭ জুন) ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন একদল গ্রাহক।

এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে মতিঝিল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। জলকামান ও সাঁজোয়া যানও প্রস্তুত রাখা হয়।

সমাবেশে আবুল খায়ের আজাদ নামের একজন গ্রাহক বলেন, ২০১৭ সালে এস আলম গ্রুপ কৌশলে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয়। বর্তমান চেয়ারম্যানকে পুনরায় দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তে গ্রাহকদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তিনি চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন।

বিজ্ঞাপন

আবুল খায়ের আজাদ বলেন, অতীতে ব্যাংকটি থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে এবং এতে কেন্দ্রীয় ব্যাংকের তৎকালীন কিছু কর্মকর্তার ভূমিকা ছিল।

বিক্ষোভকারীরা বলেন, সাধারণ আমানতকারী ও গ্রাহকেরা ব্যাংকটিকে আর অনিয়ম ও দুর্নীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রভাবের মধ্যে দেখতে চান না।

তাদের দাবি- দেশের অন্যতম বৃহৎ শরিয়াহভিত্তিক ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংকের প্রতি কোটি কোটি মানুষের আস্থা রয়েছে। সেই আস্থা রক্ষায় প্রতিষ্ঠানটিকে বিতর্কমুক্ত রাখা প্রয়োজন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।

উল্লেখ্য, গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। পরে সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশিদ আলম-কে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই গ্রাহক ও শেয়ারহোল্ডারদের একটি অংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

এদিকে গত সোমবার অনুষ্ঠিত ব্যাংকের ভার্চুয়াল পরিচালনা পর্ষদের সভায় এমডি মো. ওমর ফারুক খানের পদত্যাগপত্র গ্রহণ করা হয়। এরপর থেকেই ব্যাংকটির ব্যবস্থাপনা ও নেতৃত্ব নিয়ে আলোচনা আরও জোরালো হয়।