ঢাকা: সাড়ে চার লাখ টাকার চেক ডিজঅনারের অভিযোগে চিত্রনায়িকা রুবিনা আক্তার নিঝুমের স্বামী মামুনুর রশীদ রাহুল-এর বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে রুবিনা নিঝুম-এর পরিচিত মোছা. সুরভী বেগম এ মামলা করেন। শুনানি শেষে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামিকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।
বাদীপক্ষের আইনজীবী একে ফয়সাল জানান, এর আগে একই ঘটনায় রুবিনা নিঝুম, তার স্বামী রাহুল, শাশুড়ি মোছা. মহিমা বেগম ও দেবর নান্নু মিঞার বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। এছাড়া চেক ডিজঅনার সংক্রান্ত আরেকটি মামলায় ওই চারজনের বিরুদ্ধে আদালত থেকে সমন জারি রয়েছে। তবে নতুন এই মামলায় কেবল রাহুলকেই একমাত্র আসামি করা হয়েছে।
আইনজীবী আরও জানান, রুবিনা নিঝুম ও তার স্বামী অর্থ আত্মসাতের পর কাতারে পালিয়ে গেছেন বলে জানা গেছে এবং তারা সেখান থেকে লাইভে বিষয়টি নিয়ে বক্তব্য দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়, ব্যবসা সম্প্রসারণের কথা বলে মামুনুর রশীদ রাহুল সুরভী বেগমের কাছ থেকে সাড়ে চার লাখ টাকা ধার নেন। পূর্বপরিচয়ের কারণে তিনি ওই টাকা ধার দেন। গত ১০ মার্চ ধার নেওয়া অর্থের বিপরীতে রাহুল তার বোনের মাধ্যমে সুরভীকে সাড়ে চার লাখ টাকার একটি চেক দেন। পরে চেকটি ব্যাংকে জমা দিলে পর্যাপ্ত অর্থ না থাকায় তা ডিজঅনার হয়।
অভিযোগে আরও বলা হয়, ২০ মার্চ লিগ্যাল নোটিশ পাঠানোর পরও আসামি টাকা পরিশোধ করেননি। পরে যোগাযোগ করলে তিনি টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিলেও তা পরিশোধ করেননি।
এর আগে প্রতারণার মাধ্যমে সাড়ে ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২৯ জানুয়ারি রুবিনা নিঝুম, তার স্বামী, শাশুড়ি ও দেবরের বিরুদ্ধে আদালতে আরেকটি মামলা করেন সুরভী বেগম। ওই মামলায় আদালত আসামিদের ১৯ ফেব্রুয়ারি হাজির হতে সমন জারি করেছিলেন। তবে তারা হাজির না হওয়ায় পরবর্তীতে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।