ঢাকা: পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশের হাজিরা। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, সর্বমোট ৪৮ হাজার হাজর ৪০৩ জন হাজি নিরাপদে ফিরেছেন। আর এখন পর্যন্ত মোট ৪৯ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।
বুধবার (১০জুন) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের “হজ বুলেটিনের” তথ্য সূত্রে এসব জানা গেছে।
হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, এ বছর দেশে ফিরে আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৩ হাজার ৯১৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৪৪ হাজার ৪৮৮ জন হাজি।
হাজিদের ফিরিয়ে আনতে এখন পর্যন্ত সর্বমোট ১১২টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৪৮টি ফ্লাইটে ১৯ হাজার ৮৩২ জন, সৌদি এয়ারলাইন্স ৪৫টি ফ্লাইটে ১৮ হাজার ১২১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৯টি ফ্লাইটে ৭ হাজার ৭০০ জন হাজি পরিবহন করেছে। এছাড়া অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে আরও ২ হাজার ৭৫০ জন হাজি সৌদি আরব ত্যাগ করেছেন।
হজযাত্রীদের সুবিধার্থে সৌদি আরবে সার্বক্ষণিক আইটি এবং চিকিৎসা সহায়তা প্রদান করা হচ্ছে। সৌদি আরবের বাংলাদেশ চিকিৎসা কেন্দ্র হতে এ পর্যন্ত ৬০ হাজার ৭২৮ টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র এবং আইটি হেল্পডেস্ক থেকে ২৭ হাজার ১০২ টি সেবা প্রদান করা হয়েছে।
এদিকে, চলতি বছর হজে গিয়ে এখন পর্যন্ত মোট ৪৯ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। সর্বশেষ ৭ জুন নোয়াখালীর কোম্পানীগঞ্জের মো. শহিদুল ইসলাম (৬০), স্বাভাবিক ইন্তেকাল করেছেন.
এখন পর্যন্ত মৃত ৪৯ জনের মধ্যে ৩৩ জন পুরুষ এবং ১৬ জন মহিলা। এর মধ্যে মক্কায় ৩৫ জন, মদিনায় ১৩ জন এবং জেদ্দায় ১ জন হাজি মৃত্যুবরণ করেছেন। মিনা, আরাফা বা মুজদালিফায় কোনো হাজির মৃত্যুর খবর পাওয়া যায়নি। নিয়মানুযায়ী তাদের সৌদি আরবেই দাফন করা হয়েছে।
চলতি বছর গত ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এবারের হজের ফ্লাইট ১৮ এপ্রিল শুরু হয়ে ২১ মে শেষ হয়েছিল। পবিত্র হজ পালন শেষে এখন দেশে ফেরার পালা। ৩০ মে থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে, যা আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।