Thursday 11 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌরবিদ্যুৎ, ইভি ও প্রযুক্তি শিল্পে বড় কর ছাড় থাকছে বাজেটে

স্টাফ করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৬ ১৩:৪৪ | আপডেট: ১১ জুন ২০২৬ ১৪:০২

কর ছাড় পেতে যাচ্ছে সৌরবিদ্যুৎ।

ঢাকা: বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি সক্ষমতা বাড়াতে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আমদানি-রপ্তানি শুল্ক ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব দিয়েছে সরকার। বিশেষ করে সৌরবিদ্যুৎ, ইলেকট্রিক গাড়ি (ইভি), সেমিকন্ডাক্টর, ডিজিটাল ডিভাইস, স্বাস্থ্যসেবা ও কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে একাধিক কর ও শুল্ক ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে বলে সূত্র জানায়।

সূত্র জানায়, টেকসই প্রবৃদ্ধি ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতেই এসব পদক্ষেপ নিচ্ছে সরকার।

মুক্ত বাণিজ্য অঞ্চল গঠনের উদ্যোগ

বাণিজ্য সম্প্রসারণ ও বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে দেশে মুক্ত বাণিজ্য অঞ্চল (ফ্রি ট্রেড জোন) প্রতিষ্ঠার জন্য কাস্টমস আইনে নতুন অধ্যায় যুক্ত করার প্রস্তাব করা হবে।

বিজ্ঞাপন

এই অঞ্চলে রফতানিমুখী শিল্পের জন্য শুল্কমুক্তভাবে কাঁচামাল আমদানি, সংরক্ষণ, প্যাকেজিং ও প্রক্রিয়াজাতকরণের সুযোগ থাকবে।

অফডক ও আইসিডি খাতে বিদেশি বিনিয়োগের সুযোগ বাড়ছে

বেসরকারি অফডক ও আইসিডি পরিচালনায় বিদেশি মালিকানার ওপর বিদ্যমান ৪৯ শতাংশ সীমা তুলে দেওয়ার প্রস্তাব করা হবে এবারের বাজেটে।

সরকারের আশা, এতে আন্তর্জাতিক বিনিয়োগ বাড়বে এবং বাণিজ্য সহজ হবে।

বিমানবন্দরকে লজিস্টিক হাবে রূপান্তরের পরিকল্পনা

নতুন এয়ার কার্গো অপারেটর স্টেশন নীতিমালা চালুর মাধ্যমে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরকে ধাপে ধাপে পূর্ণাঙ্গ লজিস্টিক হাবে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হবে বাজেটে।

সরকারের মতে, এতে ই-কমার্স খাতেরও প্রসার ঘটবে।

সৌরবিদ্যুৎ খাতে সম্পূর্ণ শুল্ক ছাড়

সৌরবিদ্যুৎ শিল্পের বিকাশে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপকরণ আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক, রেগুলেটরি শুল্ক, সম্পূরক শুল্ক ও আগাম কর শূন্য শতাংশ করার প্রস্তাব দেওয়া হবে।

এই সুবিধা ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে।

তবে দেশীয় শিল্পকে উৎসাহ দিতে কিছু পণ্যের ক্ষেত্রে ২০২৮ সালের পর বিশেষ সুবিধা তুলে নেওয়ার প্রস্তাব রয়েছে।

দেশে ইভি উৎপাদনে বিশেষ সুবিধা

এবারের বাজেটে স্থানীয়ভাবে ইলেকট্রিক গাড়ি উৎপাদনকে উৎসাহ দিতে যন্ত্রাংশ ও কাঁচামাল আমদানিতে ব্যাপক কর ছাড়ের প্রস্তাব করা হবে।

যেসব প্রতিষ্ঠান স্থানীয়ভাবে বডি তৈরি, ওয়েল্ডিং, পেইন্টিং ও অ্যাসেম্বলিংয়ের মাধ্যমে উচ্চ মূল্য সংযোজন করবে, তারা ৩ শতাংশ আমদানি শুল্ক ছাড়া বাকি সব কর থেকে অব্যাহতি পাবে।

অন্যদিকে তুলনামূলক কম মূল্য সংযোজনকারী প্রতিষ্ঠানগুলো ১৫ শতাংশ আমদানি শুল্ক দিলেও অন্য কর থেকে অব্যাহতি পাবে।

ই-বাইক শিল্পেও সুবিধা বাড়ছে

দেশীয় ই-বাইক উৎপাদনকারী ও যন্ত্রাংশ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে কাঁচামাল আমদানিতে অতিরিক্ত সুবিধা দেওয়ার প্রস্তাব করা হবে।

প্রযুক্তিপণ্যের কর ছাড় দীর্ঘমেয়াদি

মোবাইল ফোন, ফ্রিজ, ফ্রিজার, এসি, ওয়াশিং মেশিন, এটিএম ও সিসিটিভি ক্যামেরা উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের শুল্ক সুবিধা ২০৩০ সাল পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হবে আজকে।

একই সঙ্গে কম্পিউটার ও ডিজিটাল ডিভাইস উৎপাদন খাতেও একই ধরনের সুবিধা বহাল থাকবে।

সেমিকন্ডাক্টর শিল্পে নতুন প্রণোদনা

চিপ ডিজাইন, টেস্টিং ও প্যাকেজিং শিল্পে বিনিয়োগ বাড়াতে সংশ্লিষ্ট উপকরণ আমদানির ওপর প্রায় সব ধরনের কর ও শুল্ক ২০৩১ সাল পর্যন্ত প্রত্যাহারের প্রস্তাবও করা হবে।

স্মার্ট কার্ড শিল্পে সহায়তা

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড ও ব্যাংক কার্ডের বাড়তি চাহিদা বিবেচনায় স্মার্ট কার্ড উৎপাদনের ১০টি কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড় দেওয়ার প্রস্তাব করা হবে।

শিশুখাদ্য ও মসলায় শুল্ক কমছে

শিশুখাদ্য উৎপাদনের কাঁচামালে আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার প্রস্তাব করবেন অর্থমন্ত্রী।

এ ছাড়া সব ধরনের মশলা এবং খেজুর আমদানির ওপর বিদ্যমান ৫ শতাংশ রেগুলেটরি শুল্ক প্রত্যাহারের প্রস্তাব দেওয়া হবে।

কৃষি খাতে নতুন সুবিধা

কীটনাশক ও বালাইনাশক উৎপাদনের ৩৬টি কাঁচামালের ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করা হবে।

জিংক সালফেট সার উৎপাদনের কাঁচামাল আমদানিতেও শুল্ক ছাড় দেওয়া হবে।

পোলট্রি, ডেইরি ও মৎস্যখাদ্য শিল্পের জন্য নতুন কাঁচামাল শূন্য শুল্ক সুবিধার আওতায় আনা হবে।

কাজুবাদাম ও পাঙাশ ফিলেটে বাড়তি সুরক্ষা

দেশীয় উৎপাদনকে সুরক্ষা দিতে প্রক্রিয়াজাত ও অপ্রক্রিয়াজাত কাজুবাদামের আমদানি শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হবে।

একই সঙ্গে আমদানিকরা পাঙাশ মাছের ফিলেটের ওপর ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হবে বাজেটে।

স্বাস্থ্য খাতে ব্যয় কমানোর উদ্যোগ

দেশে চিকিৎসা যন্ত্রপাতি উৎপাদনকারী শিল্পের কাঁচামাল আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব করা হবে।

কিডনি রোগীদের ব্যবহৃত ডায়ালাইসিস ফিল্টারের ওপর ভ্যাট ও আগাম আয়কর সম্পূর্ণ প্রত্যাহারের ফলে প্রতিটি ডায়ালাইসিসের খরচ প্রায় ৮০০ টাকা কমতে পারে বলে জানিয়েছে সূত্র।

মৃতদেহ সংরক্ষণে ব্যবহৃত মর্গ বা মরচুয়ারি আমদানির শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করার প্রস্তাবও রাখা হবে।

ক্যানসারের ওষুধ উৎপাদনে নতুন সুবিধা

ক্যানসারবিরোধী ওষুধ তৈরির নতুন নয়টি কাঁচামাল, এপিআই উৎপাদনের ৫১টি কাঁচামাল এবং ওষুধ শিল্পের আরও ১৭টি উপকরণ আমদানিতে শুল্ক ও ভ্যাট অব্যাহতির প্রস্তাব করা হবে।

বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য শুল্ক ছাড়

সহায়ক ২১ ধরনের বিশেষ যন্ত্রপাতি ও ডিভাইস আমদানিতে সব ধরনের শুল্ক ও কর মওকুফের প্রস্তাব করা হবে।

সরকারের মতে, এতে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের চলাচল ও জীবনযাত্রা আরও সহজ হবে।

 

সারাবাংলা/এসএ/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর