Friday 12 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী / ‘সব শ্রেণি-পেশার মানুষের কথা বিবেচনায় নিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে’

স্টাফ করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৬ ১৭:২৮

শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী – ছবি : সংগৃহীত

ঢাকা: প্রস্তাবিত জাতীয় বাজেট কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের জন্য নয়, বরং দেশের সব শ্রেণি-পেশার মানুষের কথা বিবেচনায় নিয়েই এটি প্রণয়ন করা হয়েছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, বাজেট প্রণয়নে দলীয় বিবেচনার কোনো সুযোগ রাখা হয়নি এবং আর্থিক খাতের সিদ্ধান্ত গ্রহণেও রাজনৈতিক পরিচয়কে গুরুত্ব দেওয়া হবে না।

শুক্রবার (১২ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, এই বাজেট বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য। কেউ হয়তো বেশি সুবিধা পাবেন, কেউ কম, তবে সবার প্রয়োজন ও বাস্তবতা বিবেচনায় রেখে বাজেট সমন্বয় করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি জানান, থিয়েটার শিল্পী, চলচ্চিত্রকর্মী, সংগীতশিল্পী, কামার, কুমার, কৃষক ও নারীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বার্থকে গুরুত্ব দেওয়া হয়েছে। একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যেই বাজেটের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, পাইলট প্রকল্পের আওতায় কার্ড বিতরণে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে সম্পৃক্ত করা হয়নি। সরকারি কর্মকর্তারা নির্ধারিত মানদণ্ড অনুসরণ করে নিরপেক্ষভাবে উপকারভোগীদের তালিকা তৈরি করেছেন। এতে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষই সুবিধা পেয়েছেন।

তিনি আরও জানান, পাইলট প্রকল্পে ১ দশমিক ২ শতাংশ থেকে ৩ শতাংশ পর্যন্ত ত্রুটি শনাক্ত হয়েছে, যা সংশোধনের কাজ চলমান রয়েছে। আগামী বছর নারীদের জন্য ৪১ লাখ ফ্যামিলি কার্ড বিতরণের পরিকল্পনা রয়েছে এবং এ ক্ষেত্রে ভুলের হার ১ শতাংশের নিচে নামিয়ে আনার আশা করা হচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, সরকার ইচ্ছাকৃতভাবে কোনো ভুল করে না। দেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে বিভেদ নয়, বরং সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশ সবার জন্য উন্মুক্ত এবং নিরপেক্ষ মূল্যায়নের ভিত্তিতেই রাষ্ট্র পরিচালনার চেষ্টা করা হচ্ছে।