Thursday 17 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপ ২০২৬ / মরক্কোর বিপক্ষে ম্যাচের আগে যে বার্তা দিলেন নেইমার

ক্রীড়া ডেস্ক
১৩ জুন ২০২৬ ১৪:০৬

চোটের কারণে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের উদ্বোধনী ম্যাচে খেলা হচ্ছে না—খবরটা আগেই নিশ্চিত করেছিলেন কোচ কার্লো আনচেলত্তি। মাঠের বাইরে থাকার এই হতাশা ভুলে দলের প্রথম ম্যাচের ঠিক আগের রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিশেষ বার্তা দিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। নিজের অ্যাকাউন্টে জাতীয় দলের নীল রঙের জার্সি পরা একটি ছবি পোস্ট করে ১০ নম্বর জার্সিধারী এই তারকা লিখেছেন, ‘যেকোনো চ্যালেঞ্জের জন্য আমি প্রস্তুত।’

যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে আজ বাংলাদেশ সময় ভোর ৪টায় গ্রুপ ‘সি’-এর মহারণে মরক্কোর মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কাফ ইনজুরির কারণে এই ম্যাচে স্কোয়াডের বাইরে থাকলেও নেইমার যে মানসিকভাবে পুরোপুরি দলের সঙ্গেই আছেন, সেটা তার এই পোস্টেই স্পষ্ট।

বিজ্ঞাপন

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে নেইমারের চোটের সর্বশেষ অবস্থা এবং তাকে দলে পাওয়ার পরিকল্পনা নিয়ে বিস্তারিত কথা বলেছেন আনচেলত্তি। রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ আশা করছেন, আগামী সপ্তাহেই পুরোদমে দলের সঙ্গে অনুশীলনে ফিরবেন নেইমার।

নেইমারের স্কোয়াডে থাকার গুরুত্ব তুলে ধরে আনচেলত্তি বলেন, ‘নেইমার যত দ্রুত সম্ভব মাঠে ফেরার জন্য কঠোর পরিশ্রম করছে। আমাদের প্রত্যাশা, ও দ্রুতই চোট কাটিয়ে আগামী সপ্তাহে দলের মূল অনুশীলনে যোগ দিতে পারবে। আমরা যখন নেইমারকে দলে ডাকছি, তখন শুধু তার ফুটবলীয় মানের (যা প্রশ্নাতীত) কথা ভেবে ডাকছি না; বরং দলের তরুণ খেলোয়াড়দের জন্য ও যে অভিজ্ঞতা আর অনন্য উদাহরণ তৈরি করতে পারে, সেটির কথাও মাথায় রাখছি।’

টুর্নামেন্টের অন্যতম কঠিন প্রতিপক্ষ মরক্কোর বিপক্ষে নেইমারকে ছাড়াই ছক কষতে হচ্ছে আনচেলত্তিকে। তবে হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচে এই ফরোয়ার্ডকে শুরুর একাদশে পাওয়ার ব্যাপারে আশাবাদী সেলেসাওরা। দীর্ঘ ২৪ বছর পর বিশ্বকাপের সোনালি ট্রফিটা নিজেদের শোকেসে তুলতে মরিয়া ব্রাজিল। নেইমারের এই লড়াকু বার্তা ডাগআউটে থাকা ভিনিসিয়ুস-রদ্রিগোদের মরক্কো বধের মিশনে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে বলেই বিশ্বাস সাম্বা ভক্তদের।

নেইমারকে ছাড়া আজ কেমন করবে ব্রাজিল? উত্তর মিলবে ভোর ৪টায়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর