ঢাকা: রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় অভিযানের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) এক পরিদর্শককে গুলির ঘটনায় শীর্ষ সন্ত্রাসী সজল ওরফে ‘অটো সজল’কে তিন সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ জুন) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম এণ্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম।
গ্রেফতাররা হলো- ইসমাইল হোসেন ওরফে সজল ওরফে অটো সজল (৩১), মো: বাপ্পী (২৮), মো: হানিফ (৪০) ও মোছা: শামসুন্নাহার (৪৫)। গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) সায়েদাবাদ এলাকা থেকে যাত্রাবাড়ী থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
নজরুল ইসলাম বলেন, গতকাল বৃহস্পতিবার রাত ৯টা ১০ মিনিটে যাত্রাবাড়ীর সায়েদাবাদ এলাকায় অভিযান চালিয়ে ‘অটো সজল’কে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বামীবাগের একটি ভাড়া বাসায় অস্ত্র ও মাদক মজুত রাখার কথা স্বীকার করেন। পরে সেখানে অভিযান চালিয়ে ২টি পিস্তল, ৪টি ম্যাগাজিন এবং ৭৭ রাউন্ড তাজা গুলি, ৫৯ গ্রাম হেরোইন এবং হেরোইন প্রস্তুতের কাজে ব্যবহৃত ৮৭ গ্রাম ‘মেডি’, মাদক বিক্রয়ের নগদ ২২ হাজার ৯৬০ টাকাসহ অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন ব্র্যান্ডের ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রগুলো পুলিশের লুট যাওয়া অস্ত্র বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, গত ২ মার্চ সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় অভিযানের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) এক পরিদর্শক গুলিবিদ্ধ হন। এ ঘটনায় এর আগে তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে এই অটো সজলের নাম উঠে আসে। পরে দীর্ঘ প্রচেষ্টার পর তাকে গ্রেফতার করা হয়।
ডিএমপি’র এই অতিরিক্ত কমিশনার বলেন, অটো সজল দীর্ঘদিন ধরে অস্ত্র সরবরাহ ও মাদক কারবারের সঙ্গে জড়িত। সজল পেশায় একটি পরিবহনের হেল্পার হলেও আড়ালে তিনি এসব অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন। তার বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করাসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।