চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পূর্ব শত্রুতার জেরে ধানের জমিতে কাজ করার সময় দুই পক্ষের সংঘর্ষে মো. আসাদুল হক (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন।
শুক্রবার (১৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মুশরীভুজা বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। এই বিসয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার এ এন এস ওয়াসিম ফিরোজ।
পুলিশ সূত্রে জানা গেছে, মুশরীভুজা বটতলা গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে মো. ইলিয়াস (৬৫) ও মো. বাবুল ইসলামের (৩৫) প্রথম পক্ষের সঙ্গে একই এলাকার ইয়াসিন আলীর ছেলে মো. আশরাফুল ইসলাম ও মো. আসাদুল হকের দ্বিতীয় পক্ষের সংঘর্ষ বাধে। এতে গুরুতর আহত আসাদুল হককে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অ্যাম্বুলেন্সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুর ২টা ৪০ মিনিটে তিনি মারা যান। বর্তমানে প্রথম পক্ষের দুইজন হাসপাতালে ভর্তি আছেন।
এদিকে ঘটনার পর দ্বিতীয় পক্ষের কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ভোলাহাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারেক জানান, পূর্ব শত্রুতার জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে একজন গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।