Monday 22 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ দফা দাবিতে চট্টগ্রামে পাঁচ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন ও বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৬ ১৭:৪৮

– ছবি : সারাবাংলা

চট্টগ্রাম: নিয়ম-বহির্ভূতভাবে চাকরিচ্যুত প্রায় ১০ হাজার কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ করছেন দেশের পাঁচটি ইসলামী ধারার ব্যাংকের ভুক্তভোগীরা।

সোমবার (২২ জুন) সকালে চট্টগ্রাম নগরীর বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচি শেষে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক পরিচালকের কাছে তাদের ১০ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি দেয়।

এ সময় চাকরিচ্যুত ব্যাংকাররা ব্যাংকিং খাতে চলমান সংকট এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দশা তুলে ধরেন। পাশাপাশি ব্যাংকিং খাতে সব ষড়যন্ত্র চট্টগ্রামবাসীকে নিয়ে প্রতিহত করার ঘোষণা দেন।

বিজ্ঞাপন

আন্দোলনকারীদের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্ট পটপরিবর্তনের পর একটি প্রভাবশালী গোষ্ঠীর প্রভাবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি এবং সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসিতে ব্যাপক হারে ছাঁটাই ও প্রশাসনিক হয়রানি করা হয়েছে।

মানববন্ধনে তারা, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘তারেক রহমানের সরকার, চাকরিটা দরকার’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’-সহ নানা স্লোগান দেন।

চাকরিচ্যুত ব্যাংকারদের চট্টগ্রামের প্লাটফর্ম চিটাগং এলায়েন্সের মুখপাত্র ও সমন্বয়ক মোহাম্মদ মোক্তার বলেন, ৫ আগস্টের পর একটি প্রভাবশালী গোষ্ঠীর প্রভাবে সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে ব্যাপক হারে কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক বদলি, আইডি ইনঅ্যাকটিভ করা, প্রশাসনিক হয়রানি এবং তথাকথিত ‘দক্ষতা মূল্যায়ন’ পরীক্ষার মাধ্যমে পরিকল্পিতভাবে ছাঁটাইয়ের ঘটনা ঘটেছে। তারা বলেন, এর ফলে প্রায় ১০ হাজার কর্মকর্তা-কর্মচারী চাকরি হারিয়েছেন, যা হাজারো পরিবারকে চরম অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। আমরা আমাদের চাকরি ফেরত চাই। আমরা দেশের অর্থনীতির উন্নয়নে কাজ করতে চাই।

– ছবি : সারাবাংলা

মানববন্ধন থেকে ১০টি দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো-

অন্যায়ভাবে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের সব প্রাপ্য সুযোগ-সুবিধাসহ অবিলম্বে পুনর্বহাল করা;

দক্ষ, অভিজ্ঞ, সৎ ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পুনর্গঠন করা;

ব্যাংকের সব পর্যায়ে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা এবং চাকরিরত অবস্থায় প্রত্যক্ষ রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত কর্মীদের বিরুদ্ধে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী কার্যকর ব্যবস্থা গ্রহণ;

ব্যাংকের অভ্যন্তরীণ করপোরেট সুশাসন নিশ্চিত করা;

গ্রাহকদের আমানতের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা;

মব সৃষ্টি করে সরকার ও বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিয়ে ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার করা;

৫ আগস্ট ২০২৪-এর পর ব্যাংকে সংঘটিত সব অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ;

ব্যাংকের মানবসম্পদ (এইচআর) নীতিমালা অনুসরণ না করে নিয়োগপ্রাপ্ত দলীয় ক্যাডারদের অপসারণ করা এবং সব নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা;

শাখা ব্যবস্থাপক থেকে শুরু করে ক্যাশ অফিসার পর্যন্ত যেসব কর্মকর্তা-কর্মচারী কাউন্টারে পর্যাপ্ত নগদ অর্থ থাকা সত্ত্বেও গ্রাহকদের অর্থ পরিশোধ না করে কৃত্রিম সংকট ও আতঙ্ক সৃষ্টি করছেন, তাদের চিহ্নিত করে ব্যাংক কোম্পানি আইনের ৫৭ ধারা অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং

ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম, গ্রাহকসেবা ও আর্থিক স্থিতিশীলতা বিঘ্নিত করার সঙ্গে জড়িত ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে দ্রুত ও কার্যকর আইনি পদক্ষেপ নিশ্চিত করা।

মানববন্ধন শেষে চাকরিচ্যুত ব্যাংকাররা বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে নগরীর নিউমার্কেট এলাকায় বিক্ষোভ মিছিল করেন।