Thursday 25 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চার মাসে ১ লাখ কোটি টাকার ঋণের জালে সরকার: আখতার

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৬ ১৯:২৬

সংসদে বক্তব্য রাখছেন এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন – ছবি : সংগৃহীত

ঢাকা: রংপুর-৪ আসনের এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের মাত্র চার মাসের মাথায় দেশকে আরও ১ লাখ কোটি টাকার ঋণের জালে আবদ্ধ করেছে। দেশের অর্থনীতি আজ এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে উন্নয়নের নামে ঋণের বোঝা ক্রমাগত ভারী হচ্ছে।

বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

আখতার হোসেন বলেন, বর্তমান সরকার যখন দায়িত্ব গ্রহণ করে তখন দেশের ঋণের পরিমাণ ছিল প্রায় ২৩ লাখ কোটি টাকা। কিন্তু মাত্র কয়েক মাসের ব্যবধানে সেই ঋণের পরিমাণ ১ লাখ কোটি টাকা বেড়ে বর্তমানে ২৪ লাখ কোটি টাকায় দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, বিগত সরকারের আমলে বাংলাদেশ থেকে ২৪০ বিলিয়ন ডলার বা প্রায় ৩০ লাখ কোটি টাকা পাচার হয়েছে বলে শ্বেতপত্রে উঠে এসেছে। এই বিশাল অর্থ পাচারের ফলে দেশের অর্থনীতি এখন শূন্য অবস্থায় রয়েছে।

ব্যাংক খাতের অরাজকতার কথা তুলে ধরে তিনি বলেন, দেউলিয়া হওয়া ব্যাংকগুলোর মালিকানা যারা লুটপাট করেছে, তাদের কাছেই নামমাত্র শর্তে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

মুদ্রাস্ফীতি প্রসঙ্গে তিনি বলেন, মুদ্রাস্ফীতির হার এখন দুই অঙ্কের ঘরে বা প্রায় ১০ শতাংশের কাছাকাছি পৌঁছেছে। অথচ জিডিপি’র প্রবৃদ্ধি মাত্র ৪ শতাংশের সামান্য বেশি। বাজেট ঘোষণার আগেই বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় বাজারে সব ধরনের পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে বলে তিনি মন্তব্য করেন।

আইএমএফ ও বিশ্বব্যাংকের ঋণ প্রসঙ্গে আখতার হোসেন বলেন, সরকার অর্থনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েও তা কার্যকর করতে ব্যর্থ হয়েছে। এনবিআর-এর নীতি ও ব্যবস্থাপনা সংস্কার অধ্যাদেশ বাতিল করে দেওয়ায় বিদেশি ঋণ প্রাপ্তিতে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এছাড়া জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-কে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা আদায়ের অবাস্তব লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ঘাটতি কম দেখানোর কৌশল  জনগণের সঙ্গে প্রতারণা।