Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক এমপি নবী নেওয়াজকে

স্টাফ করেসপন্ডেট
২৯ জুন ২০২৬ ১৫:২৭

ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নবী নেওয়াজ – ছবি : সংগৃহীত

ঢাকা: বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নবী নেওয়াজ-কে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৯ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহেসানুল ইসলামের আদালত মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তেজগাঁও বিভাগের পরিদর্শক মোহাম্মদ টিপু সুলতান তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন।

শুনানির সময় নবী নেওয়াজকে আদালতে হাজির করা হয়। এ সময় তার আইনজীবী সামসুর রহমান বাদল আদালতে বলেন, রামনা থানার একটি মামলায় হাইকোর্ট থেকে ইতোমধ্যে তার মক্কেল জামিন পেয়েছেন। জামিনে মুক্তি পাওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে অন্য মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছে। তিনি আরও দাবি করেন, এ মামলার এজাহারে নবী নেওয়াজের নাম নেই এবং রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যেই তাকে জড়ানো হয়েছে। পাশাপাশি তার শারীরিক অসুস্থতা ও বয়স বিবেচনায় গ্রেফতার না দেখানোর আবেদন জানান আইনজীবী।

বিজ্ঞাপন

মামলার নথি অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের শেষ দিনে রুবেলসহ কয়েকশ শিক্ষার্থী ও সাধারণ মানুষ আদাবরের রিং রোড এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন। অভিযোগ রয়েছে, সে সময় পুলিশ ও আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা মিছিলে গুলি চালালে রুবেল গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গত বছরের ২২ আগস্ট নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম রাজধানীর আদাবর থানায় হত্যা মামলা দায়ের করেন।

সারাবাংলা/টিএম/এসআর