Saturday 17 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হামে শিশুমৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলা গ্রহণ করল না আদালত

স্টাফ করেসপন্ডেট
১২ জুলাই ২০২৬ ১৭:২১

ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি: সংগৃহীত

ঢাকা: হামের প্রাদুর্ভাবে এক শিশুর মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুর জাহান বেগমসহ চারজনের বিরুদ্ধে দায়ের করা মামলার আবেদন খারিজ করেছেন আদালত।

রোববার (১২ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম মামলাটি গ্রহণের মতো পর্যাপ্ত আইনগত ভিত্তি না থাকায় আবেদনটি খারিজের আদেশ দেন।

আদালত সূত্র জানায়, গত ৫ জুলাই ভুক্তভোগী শিশুর বাবা সিরাজুল ইসলাম মামলার আবেদন করেন। সেদিন আদালত তার জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য ১২ জুলাই দিন ধার্য করেছিলেন।

মামলার আবেদনে ড. ইউনূস ও নুর জাহান বেগম ছাড়াও স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক ডা. মো. আবু জাফর এবং সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে আসামি করা হয়।

বিজ্ঞাপন

আবেদনে সিরাজুল ইসলাম দাবি করেন, তার নয় মাস বয়সী কন্যা সাউদা মুসকান জ্বরে আক্রান্ত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে শয্যা সংকট, অক্সিজেনের অভাব, চিকিৎসক ও নার্সদের অবহেলা এবং সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে। একই সঙ্গে যথাসময়ে হামের টিকা সরবরাহ না থাকায় টিকা গ্রহণ সম্ভব হয়নি এবং পরে হামে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

মামলার আবেদনে আরও অভিযোগ করা হয়, অন্তর্বর্তী সরকার, স্বাস্থ্য উপদেষ্টা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা হামের টিকা সংগ্রহ, সরবরাহ ও টিকাদান কর্মসূচি কার্যকরভাবে বাস্তবায়নে দায়িত্বে অবহেলা করেছেন। তাদের এই ব্যর্থতার কারণে দেশে বহু শিশু হামে আক্রান্ত হয়েছে এবং অনেক শিশুর মৃত্যু ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এছাড়া, এসব কর্মকাণ্ড সংবিধানে বর্ণিত জনস্বাস্থ্য সুরক্ষা ও নাগরিকের জীবন রক্ষায় রাষ্ট্রের দায়িত্ব পালনে ব্যর্থতা, ক্ষমতার অপব্যবহার এবং দায়িত্বে অবহেলার শামিল বলেও মামলার আবেদনে দাবি করা হয়।

সারাবাংলা/টিএম/এনজে
বিজ্ঞাপন

সরকারি অফিস ও ব্যাংক খোলা আজ
১৭ অক্টোবর ২০২৬ ১০:১২

আরো

সম্পর্কিত খবর