Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপ ২০২৬ / নীল জার্সিতে আর্জেন্টিনা, ফিরছে ম্যারাডোনার স্মৃতি

ক্রীড়া ডেস্ক
১৪ জুলাই ২০২৬ ০৯:০০

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের ঐতিহ্যবাহী আকাশি-সাদা ডোরাকাটা জার্সি নয়, বিকল্প নীল-কালো জার্সি পরে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই জার্সি ফিরিয়ে আনছে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার দুটি ঐতিহাসিক জয়ের স্মৃতি। পাশাপাশি বিশ্বকাপের সেমিফাইনালে এবারই প্রথম বিকল্প জার্সি পরে খেলবে লিওনেল স্কালোনির দল।

সবচেয়ে স্মরণীয় ঘটনাটি ১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের। ২২ জুন অনুষ্ঠিত সেই ম্যাচে দিয়েগো ম্যারাডোনার জোড়া গোলে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচেই জন্ম নিয়েছিল ফুটবল ইতিহাসের বহুল আলোচিত ‘হ্যান্ড অব গড’ গোল এবং পাঁচজন ডিফেন্ডারকে কাটিয়ে করা ‘গোল অব দ্য সেঞ্চুরি।‘

বিজ্ঞাপন

সেই ম্যাচের নীল জার্সিরও রয়েছে আলাদা ইতিহাস। ম্যাচের মাত্র কয়েক ঘণ্টা আগে জার্সিগুলো সংগ্রহ করে তাতে বিশেষভাবে ব্যাজ ও নম্বর সংযুক্ত করা হয়েছিল। কালো শর্টসের সঙ্গে সেই জার্সির সমন্বয় আজও আর্জেন্টাইন ফুটবলের অন্যতম প্রতীক হয়ে আছে।

ইংল্যান্ডের বিপক্ষে বিকল্প জার্সিতে আরেকটি সুখস্মৃতি ১৯৯৮ ফ্রান্স বিশ্বকাপে। শেষ ষোলোর সেই ম্যাচে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ২-২ সমতার পর টাইব্রেকারে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। ওই ম্যাচে হাভিয়ের জানেত্তির দারুণ ফ্রি-কিক থেকে করা গোলটি এখনও স্মরণীয় হয়ে আছে।

বিশ্বকাপের সেমিফাইনালে এই প্রথম মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। আর ইংল্যান্ডের বিপক্ষে নীল জার্সির অতীত ইতিহাস আর্জেন্টিনাকে বাড়তি আত্মবিশ্বাসও জোগাচ্ছে।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর