Monday 25 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেসবুকে মন্ত্রীর মানহানি, ছাত্রলীগ কর্মী রিমান্ডে


২ আগস্ট ২০১৮ ১৯:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

চট্টগ্রাম ব্যুরো: ফেসবুকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি’র মানহানির অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারার মামলায় এক ছাত্রলীগ কর্মীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। মোহাইমিনুল ইসলাম রাহিম নামে ওই ছাত্রলীগ কর্মীকে গত ২৮ জুলাই গ্রেফতার করেছিল পুলিশ।

বৃহস্পতিবার (২ আগস্ট) চট্টগ্রাম মহানগর হাকিম আল ইমরান আসামিকে একদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের এই আদেশ দিয়েছেন।

নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ সারাবাংলাকে বলেন, পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিল। শুনানি শেষে আদালত একদিন মঞ্জুর করেছেন।

বিজ্ঞাপন

মোহাইমিনুল ইসলাম রাহিমের বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি’র প্রতিষ্ঠিত হাজেরা তজু ডিগ্রি কলেজ এবং মন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

এই অভিযোগে গত ২২ জুলাই নগরীর চান্দগাঁও থানায় মামলা করেন হাজেরা তজু কলেজের কর্মকর্তা আব্দুল করিম।

এতে বলা হয়েছে, গত ২৮ জুন দুপুর ১২টা ৫০ মিনিটে মোহাইমিনুলসহ ১০-১২ জন কলেজে অনধিকার প্রবেশ করেন। তারা অধ্যক্ষকে না পেয়ে উপাধ্যক্ষের কক্ষে গিয়ে একাদশ শ্রেণির ভর্তি ফি নিয়ে কৈফিয়ত তলব করেন। এ সময় তারা কলেজের ভেতরে উত্তেজনামূলক স্লোগান দেন। ৩০ জুন বাদী মোহাইমিনুলের মন্ত্রীপুত্র মুজিবকে জড়িয়ে মোহাইমিনুলের স্ট্যাটাস দেখতে পান।

বাদী আরজিতে উল্লেখ করেন, ‘মোহাইমিনুল ইসলাম রাহিম মিথ্যা ও বানোয়াট স্ট্যাটাস দিয়ে কলেজের এবং মন্ত্রী মহোদয়ের ব্যক্তিগত, পারিবারিক, রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন।’

বাদীর আরজি তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ (১) ধারায় মামলার এজাহার হিসেবে গ্রহণ করে চান্দগাঁও থানা।

মোহাইমিনুল চট্টগ্রাম সরকারি সিটি কলেজের ডিগ্রি পাস কোর্সের শেষ বর্ষের ছাত্র। তিনি ছাত্রলীগের সক্রিয় কর্মী।

সারাবাংলা/আরডি/এমএইচ