Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গুঁড়ো দুধের কারখানা সিলগালা, সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৬ ২০:০৯

– ছবি : সংগৃহীত

চট্টগ্রাম: বিএসটিআই’র অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ পরিবর্তন করে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে নগরীর আগ্রাবাদে একটি ডেইরি প্রতিষ্ঠানকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। একই সঙ্গে প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে সিলগালা করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় চালানো এই অভিযান নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক ফয়েজ উল্লাহ।

অভিযান শেষে ফয়েজ উল্ল্যাহ বলেন, কারখানাটিতে ‘ডোনা ইন্সট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার’ নামক পণ্য তৈরিতে বাংলাদেশ মান নিয়ন্ত্রণ ও পরীক্ষা সংস্থার (বিএসটিআই) কোনো অনুমোদন ছিল না। তা সত্ত্বেও বেআইনিভাবে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে পণ্যটি বাজারে ছাড়া হচ্ছিল। তাছাড়া ‘ফুল ক্রিম’ গুঁড়া দুধ দাবি করলেও তা প্রস্তুত করা হচ্ছিল প্রয়োজনীয় গুণগত ফর্মুলা ছাড়াই।

বিজ্ঞাপন

অভিযানে দেখা গেছে, কারখানাটির প্যাকেজিং ও সংরক্ষণ স্থান ছিল অত্যন্ত নোংরা ও স্যাঁতসেঁতে, যেখানে ঘুরে বেড়াচ্ছিল বিভিন্ন ধরনের পোকামাকড়। সবচেয়ে গুরুতর অনিয়ম পাওয়া যায় মেয়াদোত্তীর্ণ পণ্যে; পুরনো মেয়াদ মুছে নতুন করে অতিরিক্ত মেয়াদ বসিয়ে বাজারজাত করার উদ্দেশে সেখানে বিপুল পরিমাণ গুঁড়া দুধ সংরক্ষণ করা হয়েছিল। ভোক্তা-অধিকার রক্ষা ও জনস্বাস্থ্য ঝুঁকিতে ফেলার এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং কারখানাটি সিলগালা করে দেয়া হয়।

এদিকে একই অভিযানে অননুমোদিত ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে মা ও শিশু হাসপাতাল এলাকার জনতা ফার্মেসিকে ১০ হাজার টাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশের জন্য ‘বার্গার বাইট’ নামের ফাস্টফুডের দোকানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

সারাবাংলা/এসএন/এসআর