ঢাকা: সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপ-পরিদর্শক (এসআই) আলতাফ হোসেন-কে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া আসামি জহুরুলের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা সিদ্দিকার আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) আরিফ হোসেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা, আমিনবাজার পুলিশ ক্যাম্প ও সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির আল আহসান আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, অজ্ঞাতনামাসহ অন্যান্য আসামিরা পরিকল্পিতভাবে আলতাফ হোসেন-কে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী শফি উজ্জামান স্বপন রিমান্ড আবেদন বাতিলের দাবি জানান। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করলে উভয় পক্ষের শুনানি শেষে আদালত জহুরুলের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাভারের বরদেবী পশ্চিমপাড়ায় একটি অটোগ্যারেজের সামনে অটো রাখাকে কেন্দ্র করে তর্কাতর্কির ঘটনা ঘটে। পরিস্থিতি শান্ত করতে গিয়ে হামলার মুখে পড়েন এসআই আলতাফ হোসেন। প্রাণ বাঁচাতে তিনি তার ছেলে আরিফুল ইসলাম-এর ব্যবসা প্রতিষ্ঠান ‘গ্র্যান্ড ফ্যাশন’-এ আশ্রয় নিলে রাত ৮টা ১০ মিনিটের দিকে একদল হামলাকারী দেশীয় অস্ত্র নিয়ে সেখানে হামলা চালায়।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা রড, পাইপ, হাতুড়ি ও লাঠি দিয়ে আলতাফ হোসেন-কে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। তাকে রক্ষা করতে গেলে তার ছেলে আরিফুল ইসলামও ধারালো অস্ত্রের আঘাতে আহত হন। এ সময় হামলাকারীরা ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি করে এবং ক্যাশ বাক্স থেকে ২ লাখ ২০ হাজার টাকা নিয়ে যায়।
পরে আহত বাবা-ছেলেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আলতাফ হোসেন-কে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় তার ছেলে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী শিউলী পারভীন বাদী হয়ে সাভার মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৫ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে।