Saturday 24 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টিপু হত্যা মামলায় আবুল হাসানাতসহ ৪ জনের ফাঁসি চাইলেন সাক্ষী

স্টাফ করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৬ ১৫:২৮

ঢাকা: বরিশালের আগৈলঝাড়ায় ছাত্রদল নেতা টিপু হাওলাদার ও কবির মোল্লাকে কথিত ক্রসফায়ারে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ, বরিশালের সাবেক পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ এবং গ্রেফতার দুই পুলিশ সদস্যের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন টিপু হাওলাদারের স্ত্রী সুমা আক্তার।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর সদস্য বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীরের একক বেঞ্চে ২০তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন সুমা আক্তার। জবানবন্দি শেষে তিনি আসামিদের মৃত্যুদণ্ডের আবেদন জানান।

সুমা আক্তার আদালতকে বলেন, স্বামী হত্যার সময় তাদের দুই মেয়ে খুবই ছোট ছিল। ভবিষ্যতে যেন আর কোনো পরিবারকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়, সে জন্য তিনি ও তার সন্তানদের পক্ষ থেকে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি চান।

বিজ্ঞাপন

এদিন মামলায় গ্রেফতার উজিরপুর থানার সাবেক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাহাবুল ইসলাম ও এএসআই জসিম উদ্দিনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের উপস্থিতিতেই সুমা আক্তারের সাক্ষ্য গ্রহণ করা হয়।

রাষ্ট্রপক্ষের পক্ষে শুনানিতে অংশ নেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। তাকে সহায়তা করেন প্রসিকিউটর সুলতান মাহমুদ।

এর আগে, গত ২০ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আবুল হাসানাত আবদুল্লাহসহ চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

প্রসিকিউশনের অভিযোগে বলা হয়, টিপু হাওলাদার, যিনি আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন, এবং কবির মোল্লা, উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সাংগঠনিক সম্পাদক, দুজনই আবুল হাসানাত আবদুল্লাহর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ছিলেন। রাজনৈতিক প্রতিহিংসা থেকে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে তাদের হত্যার পরিকল্পনা করা হয়। অভিযোগ অনুযায়ী, তৎকালীন এসপি একেএম এহসান উল্লাহর নির্দেশে ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারি মিথ্যা মামলায় তাদের গ্রেফতার করা হয়। পরে মাহাবুল ইসলাম ও জসিম উদ্দিনের মাধ্যমে গৌরনদী-গোপালগঞ্জ মহাসড়কের আগৈলঝাড়া বাইপাস এলাকায় কথিত বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে তাদের হত্যা করা হয়।

সারাবাংলা/টিএম/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর