সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় চার প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে আল-খুরমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সিলেটের কানাইঘাট উপজেলার লামার তালুক গ্রামের আবু বক্করের ছেলে আব্দুল করিম (৫০) ও একই গ্রামের খালিদ উদ্দিন (৬০), সুনামগঞ্জের আমিন উদ্দিন ও কুমিল্লার শাহ আলম।
স্থানীয় ও প্রবাসী সূত্রে জানা গেছে, তায়েফ থেকে জেদ্দাগামী প্রবাসীদের বহনকারী গাড়িটি আল-খুরমা এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। এত চারজনই ঘটনাস্থলে মারা যান। নিহত চারজনই দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছিলেন। দেশে ফেরার জন্য তাদের বিমানের টিকিটও করা ছিল। জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথেই দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল কাদির বলেন, ছুটি কাটাতে দেশে ফেরার জন্য বিমানবন্দরে যাচ্ছিলেন তারা। এ সময় সড়ক দুর্ঘটনায় মারা যায় তারা।
তিনি বলেন, একই ঘটনায় কানাইঘাটের আর কারো মৃত্যু হয়েছে বলে আমাদের কাছে কোনো তথ্য নেই।
কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস বলেন, সামাজিক যোগযোগ মাধ্যমে খবর পেয়ে সোমবার রাতেই ইউনিয়নের চেয়ারম্যানকে নিহত দুজনের বাড়িতে পাঠানো হয়েছে। তিনি খোঁজ খবর নিয়েছেন। প্রবাসীরা দেশে ফেরার পথেই এ ঘটনা ঘটেছে।
তিনি বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে আমাদের সাথে এখনও যোগাযোগ করা হয়নি। তবে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সব ধরণের সহযোগীতা করা হবে।