চট্টগ্রাম: জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ‘হাবিবা ভিলা’ নামে এক ভবনের নিচতলা থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত সাদিয়া আক্তার উপজেলার মেখল ইউনিয়নের উত্তর মেখল এলাকার কান্তর আলী ফকিরবাড়ির মো. শফির মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাত্র চার মাস আগে গড়দুয়ারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আবদুল কাদের উকিল বাড়ির ফয়জুল ইসলামের ছেলে প্রবাসী মো. ওয়াহিদুল আলম ওরফে আসিফ-এর সঙ্গে সাদিয়ার বিয়ে হয়। চলতি সেপ্টেম্বর মাসের শুরুতে এই নবদম্পতি পৌরসভার হাবিবা ভিলার নিচতলায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন।
ঘটনার দিন দুপুর থেকে ভাড়া বাসার দরজা ভেতর থেকে বন্ধ থাকায় স্বজনেরা সাদিয়া-কে ডাকাডাকি শুরু করেন। দীর্ঘক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয় বাসিন্দারা জানালা দিয়ে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে সাদিয়া-কে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি দ্রুত হাটহাজারী মডেল থানার পুলিশকে জানানো হয়।
হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) মোস্তাক আহমেদ চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।