Thursday 12 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মিরপুরে বস্তাবন্দি ব্যক্তির ‘অপহরণ’ নাটক: সিসিটিভিতে মিলল রহস্য

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৩ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২৩

সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া নিরাপত্তাকর্মীকে বস্তাবন্দি করে নিয়ে যাওয়ার দৃশ্য।

ঢাকা: রাজধানীর পল্লবীতে সাদা বস্তায় করে এক নিরাপত্তাকর্মীকে টেনে নিয়ে যাওয়ার একটি সিসিটিভি ফুটেজের খণ্ডিত অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল ওই ভিডিওতে বিষয়টিকে অপহরণ করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে সিসিটিভির পূর্ণাঙ্গ ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, বস্তা থেকে বেরিয়ে নিজেই সঙ্গে থাকা ব্যক্তির রিকশায় চড়ে স্থান ত্যাগ করেছেন ওই কর্মী।

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার নিশ্চিত করেছেন।

পুলিশের প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, ওই ব্যক্তির নাম নজরুল ইসলাম (৫০)। তিনি পল্লবীর এভিনিউ-২, ব্লক-এ এলাকায় দ্য স্যালভেশন আর্মির যক্ষ্মা ও কুষ্ঠ ক্লিনিকে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করেন। প্রায় ১৫ থেকে ১৬ বছর ধরে তিনি সেখানে নাইট গার্ডের দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, গত ১০ সেপ্টেম্বর রাত ১০টার দিকে নজরুল রাতের দায়িত্বে যোগ দেন। পরদিন সকাল ৬টার দিকে বদলি গার্ড দানিয়েল সরকার এসে তাকে না পেয়ে বিষয়টি প্রতিষ্ঠানের প্রকল্প ব্যবস্থাপক বোস এলভিন অথিকে জানান। পরে প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়।

পুলিশের ভাষ্য, পূর্ণাঙ্গ সিসিটিভি ফুটেজে দেখা যায়, ১১ সেপ্টেম্বর ভোর ৪টা ৪৭ মিনিটের দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি সাদা প্লাস্টিকের বস্তায় করে নজরুলকে প্রতিষ্ঠানের গেটের সামনে এনে রাখেন। প্রায় এক ঘণ্টা পর ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে নজরুল বস্তা থেকে বেরিয়ে আসেন। এরপর কিছুক্ষণ তিনি প্রতিষ্ঠানের গেটের সামনে বসে থাকেন। পরে তাকে বস্তায় করে নিয়ে আসা ওই ব্যক্তির সঙ্গে রিকশায় করে সেখান থেকে চলে যান নজরুল।

পুলিশ বলছে, পূর্ণাঙ্গ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নজরুলকে জোর করে বস্তায় ঢোকানো বা সেখানে নিয়ে যাওয়ার কোনো দৃশ্য পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি খণ্ডিত হওয়ায় পুরো ঘটনার প্রেক্ষাপট সেখানে দেখা যাচ্ছে না।

পুলিশের প্রাথমিক তদন্তে নজরুলকে জোরপূর্বক বস্তায় ঢুকিয়ে অপহরণের কোনো আলামত পাওয়া যায়নি। তবে তাকে কেন বস্তায় ভরে আনা হলো, সঙ্গে থাকা ব্যক্তিটির পরিচয় কী এবং পরবর্তীতে কেন তিনি তার সঙ্গেই চলে গেলেন এসব রহস্য উদ্ঘাটনে তদন্ত জোরদার করা হয়েছে।

সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর