Friday 13 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জয়পুরহাটে ৩২০ কেজির প্রাচীন পাথর উদ্ধার, আনুমানিক মূল্য ১ কোটি ৬০ লাখ টাকা

লোকাল করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৩৪

হিলি: জয়পুরহাটে পুকুর থেকে ৩২০ কেজি ওজনের একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার করেছে বিজিবি। প্রত্নতত্ত্ব অধিদফতরের যাচাইয়ে এটি ৮ম-৯ম শতকে ব্যবহৃত বেলে পাথরের পিলারের অংশবিশেষ বলে নিশ্চিত করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী।

শনিবার (২৬ সেপ্টেম্বর) জয়পুরহাট সদর থানাসংলগ্ন এলাকার একটি পুকুর থেকে পাথরটি উদ্ধার করে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)।

বিজিবি জানায়, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি চোরাকারবারীদের হাত থেকে রক্ষা করে বিজিবির কাছে হস্তান্তরের উদ্যোগ নেন। খবর পেয়ে বিজিবির একটি টহল দল পূর্বনির্ধারিত স্থানে গিয়ে পাথরটি গ্রহণ করে।

বিজ্ঞাপন

বিজিবির ভাষ্য অনুযায়ী, পাচারকারী চক্র পাথরটি স্থানীয় একটি খেলার মাঠের পাশের পুকুরের পানিতে ডুবিয়ে রেখেছিল। বিষয়টি নিয়ামতপুর থানার পুলিশ ও বদলগাছীর পাহাড়পুর প্রত্নতাত্ত্বিক জাদুঘরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়।

পাথরটি গ্রহণের সময় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একজন প্রতিনিধি উপস্থিত থেকে এর প্রাথমিক সত্যতা যাচাই করেন। পরে পাহাড়পুর বৌদ্ধ বিহার প্রত্নতাত্ত্বিক জাদুঘর কর্তৃপক্ষ পাথরটির মান যাচাই করে এটি ৮ম-৯ম শতকে ব্যবহৃত বেলে পাথরের পিলারের অংশবিশেষ বলে সনদ প্রদান করে।

বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী বলেন, উদ্ধার করা প্রাচীন পাথরটির আনুমানিক মূল্য ১ কোটি ৬০ লাখ টাকা। বর্তমানে পাথরটি প্রত্নতত্ত্ব অধিদফতরের পাহাড়পুর বৌদ্ধ বিহার, বদলগাছী, নওগাঁ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর