পটুয়াখালী: বাউফলের কেশবপুরে চাঞ্চল্যকর রানী বেগম হত্যা মামলায় আসামী মো. হালিম রাড়ি (৪৮)কে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদন্ড এবং পুষ্প বেগমকে (৪৫) দন্ডবিধি ৩০৪ ধারায় ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. শহিদুল্লাহ এ আদেশ দেন। এ সময় প্রধান আসামি মো. হালিম রাড়ি আদালতে উপস্থিত ছিলেন এবং অপর আসামী তার স্ত্রী পুস্প বেগম পলাতক রয়েছেন।
মামলায় বলা হয়েছে, ২০২০ সালের ১১ ডিসেম্বর বিকেলে লাউগাছের গোড়ায় মাটি দেওয়াকে কেন্দ্র করে বাদী মো. আবুল কাশেম রাড়ির সঙ্গে হালিম রাড়ির বিরোধ সৃষ্টি হয় এবং ১২ ডিসেম্বর ভোর আনুমানিক সাড়ে ৬টার দিকে জেলার বাউফল উপজেলার কেশবপুর এলাকায় বাদী মো. আবুল কাশেম রাড়ির স্ত্রী মোসা. রানী বেগমকে হত্যার উদেশ্যে দা দিয়ে আঘাত করে এবং এতে সে মারা যান। পরে নিহত রানী বেগমের স্বামী আবুল কাশেম রাড়ি বাদী হয়ে হালিম-পুস্প দম্পতির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত শেষে পুলিশ ২০২১ সালের ৪ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করেন। মোট ২২ জন সাক্ষীর মধ্যে বাদি, তদন্তকারী কর্মকর্তা ও ডাক্তারসহ ১৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।