Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশজুড়ে ‘বিশ্ব পর্যটন দিবস’ পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৪৯ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৯:০০

বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও নানা আয়োজনের মধ্য দিয়ে আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সারাদেশে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। দিবসটি ঘিরে জেলা ও বিভাগীয় পর্যায়ে পর্যটন খাতের সম্ভাবনা, উন্নয়ন ও স্থানীয় ঐতিহ্য তুলে ধরে নানা কর্মসূচি পালন করা হয়। সারাদেশে পালিত এ আয়োজন ঘিরে সারাবাংলা ডটনেটের প্রতিনিধিদের পাঠানো খবরগুলো উপস্থাপন করা হলো-

বাগেরহাট: নানা কর্মসূচির মধ্য দিয়ে বাগেরহাটের মোংলায় উদ্‌যাপিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। বাংলাদেশ পর্যটন করপোরেশনের ‘হোটেল পশুর’-এর আয়োজনে রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে বর্ণাঢ্য র‍্যালি, নৌ-র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালিত হয়।

বিজ্ঞাপন

‘ভ্রমণ করুন, দেশকে জানুন, পর্যটন শিল্পের উন্নয়নে অংশ নিয়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করুন’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ৯টায় হোটেল পশুর চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। র‍্যালিটি পিকনিক কর্নার এলাকা প্রদক্ষিণ করে। এরপর মোংলা ও পশুর নদীতে এক দৃষ্টিনন্দন নৌ-র‍্যালি অনুষ্ঠিত হয়। এতে পর্যটন করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

র‍্যালি শেষে হোটেল পশুর মিলনায়তনে সুন্দরবনকেন্দ্রিক পর্যটন ব্যবসার গুরুত্ব ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পটুয়াখলী: ডিজিটাল রুপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ প্রতিপাদ্য বিষয় নিয়ে পটুয়াখালীর কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে রোববার সকাল ১০টায় পৌরসভা প্রাঙ্গন থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পর্যটন হলিডে হোমসে আলোচনা সভায় মিলিত হয়। শোভাযাত্রায় বাদ্য যন্ত্র নিয়ে পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের সদস্য, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও পর্যটকরা অংশগ্রহন করেন।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।

টাঙ্গাইল: ‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী পর্যটন’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।

আজ রোববার সকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শরীফা হক।

এ সময় জেলা প্রশাসক বলেন, টাঙ্গাইল পর্যটনের জন্য একটি সম্ভাবনাময় জেলা। টাঙ্গাইলের জিআই পণ্য শাড়ি, চমচম, আনারস, বিভিন্ন ঐতিহাসিক জমিদার বাড়িসহ নানা সবুজ প্রকৃতি স্থাপনাকে কেন্দ্র করে এখানে পর্যটন বিকাশের সুযোগ রয়েছে। এ সব পর্যটনের সম্ভাবনাকে কাজে লাগিয়ে অর্থনীতি শক্তিশালীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষার উপর গুরুত্বারোপ করেন তিনি।

সেই সঙ্গে জেলার পর্যটন সম্ভাবনা স্থাপনা গুলোকে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পর্যটন খাতকে আরও আধুনিক ও আকর্ষণীয় করার কথা জানান জেলা প্রশাসক।

নওগাঁ: নানা আয়োজনের মধ্য দিয়ে নওগাঁয় বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রোববার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক সংগঠনের প্রতিনিধি, পর্যটন ব্যবসায়ী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

ইবি: এআই, রোবটিক্স দিয়ে ভবিষ্যতের আধুনিক ও প্রযুক্তিনির্ভর পর্যটন সম্ভাবনা তুলে ধরতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশ্ব পর্যটন দিবস পালন করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) বর্ণাঢ্য র‍্যালি ও ফুড ফেস্টিভালের মধ্যদিয়ে এ দিবসটি উদযাপন করে বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ।

দিবসটি উপলক্ষ্যে সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে কৃষক, জেলে, বাউল, আদিবাসী ও ট্যুরিজমের চাকরির ক্ষেত্র ভিত্তিক পোশাক পরিধান করে বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন।

উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, শিক্ষা অর্জনের পাশাপাশি দক্ষতা ও কর্মজীবনের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। এ ধরনের কার্যক্রমে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে ও সহযোগিতা করবে। একই সঙ্গে সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে মাদকসহ বিভিন্ন সামাজিক সমস্যার বিরুদ্ধে সচেতনতা বাড়িয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হবে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

দেশজুড়ে 'বিশ্ব পর্যটন দিবস' পালিত
২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৪৯

আরো

সম্পর্কিত খবর