Monday 28 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযান ৪১ কিশোর আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২৬ ১০:০৭

চাঁদপুর: কিশোর অপরাধ প্রতিরোধ ও সন্ধ্যার পর অপ্রয়োজনে বাইরে অবস্থান নেওয়া কিশোরদের সচেতন করার লক্ষ্যে চাঁদপুরের ফরিদগঞ্জে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে ৪১ জন কিশোরকে আটক করা হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর চাঁদপুরের পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশে এবং ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহর সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ূন কবিরসহ একদল সঙ্গীয় পুলিশ সদস্য উপজেলার বিভিন্ন মোড়, বাণিজ্যিক এলাকা ও আড্ডার স্থানগুলোতে অভিযান চালান। এ সময় সন্ধ্যার পর অযথা বাইরে ঘোরাঘুরি ও আড্ডায় লিপ্ত থাকা ৪১ কিশোরকে সাময়িকভাবে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে আটক কিশোরদের অভিভাবকদের থানায় ডেকে আনা হয়। নিজ নিজ সন্তানদের সার্বক্ষণিক তদারকি করা এবং সন্ধ্যার পর অপ্রয়োজনে ঘরের বাইরে না পাঠানোর লিখিত মুচলেকা নিয়ে আটক কিশোরদের অভিভাবকদের জিম্মায় মুক্তি দেওয়া হয়।

বিজ্ঞাপন

অভিযান ও সচেতনতা সৃষ্টির বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, কিশোরদের যেকোনো অপরাধপ্রবণতা থেকে দূরে রাখা, তাদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এবং অভিভাবকদের দায়িত্বশীল করার উদ্দেশ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

আটক কিশোরদের সতর্ক করে ওসি আরও বলেন, কিশোর বয়সে সন্ধ্যার পর তোমাদের পড়ার টেবিলে থাকার কথা, অথচ তোমরা বাইরে অযথা আড্ডা দিচ্ছ। ভবিষ্যতেও যদি সন্ধ্যার পর অপ্রয়োজনে কাউকে বাইরে আড্ডা দিতে পাওয়া যায়, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর