ঢাকা: চব্বিশের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর মিরপুরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে অভিযোগটি দাখিল করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লা ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল রয়েছেন। তবে বাকি আসামিদের নাম এখনো প্রকাশ করেনি প্রসিকিউশন।
প্রসিকিউশন সূত্রে জানা যায়, মিরপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিষয়ে দীর্ঘদিন ধরে তদন্ত চালায় তদন্ত সংস্থা। তদন্ত শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেন।
পরে তদন্ত প্রতিবেদন যাচাই-বাছাই ও প্রয়োজনীয় পর্যালোচনা শেষে সেটিকে আনুষ্ঠানিক অভিযোগ বা ফরমাল চার্জ হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়।
প্রসিকিউশন জানিয়েছে, আনুষ্ঠানিক অভিযোগে মিরপুরে জুলাই-আগস্টের আন্দোলন চলাকালে সংঘটিত ঘটনাগুলোর সঙ্গে আসামিদের কথিত সংশ্লিষ্টতার বিভিন্ন তথ্য ও অভিযোগ তুলে ধরা হয়েছে।