ঢাকা: ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানায় মাদক ধ্বংস শাখার দায়িত্বে থাকা পুলিশের সদস্য মো. রেজাউল করিম-কে ১ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধারের মামলায় তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন-অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) সুমন কুমার চ্যাটার্জি আসামি রেজাউল করিমকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তিন দিনের রিমান্ড আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে ঘটনার বিষয়ে আসামি সন্তোষজনক কোনো তথ্য দেননি। প্রাথমিক তদন্তে মামলার সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তবে উদ্ধার হওয়া ইয়াবার উৎস, সরবরাহকারী ও গন্তব্য সম্পর্কে তিনি সুনির্দিষ্ট কোনো তথ্য দেননি।
আবেদনে আরও বলা হয়, ইয়াবার মূল উৎস এবং এর সঙ্গে জড়িত চক্রের বিষয়ে তথ্য জানতে আসামিকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এ কারণে মামলার প্রকৃত রহস্য উদঘাটনে তিন দিনের রিমান্ড প্রয়োজন বলে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন।
পুলিশ ও মামলার নথি সূত্রে জানা যায়, রেজাউল করিম (৪৫) পুলিশ সদস্য হিসেবে বর্তমানে সিএমএম আদালতের মালখানা শাখায় কর্মরত। রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর সূত্রাপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় সোমবার ডিএমপির পরিদর্শক মো. কামরুজ্জামান বাদী হয়ে সূত্রাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়, ২৭ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিআইডি ঢাকা মেট্রো-দক্ষিণের একটি বিশেষ অভিযানকারী দল সূত্রাপুর থানার ২৮ নম্বর ওয়ার্ডের ‘বিসমিল্লাহ বিরানি ঘর’ নামের একটি দোকানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রেজাউল করিম কৌশলে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের পকেট থেকে ১৭৯ গ্রাম ওজনের ১ হাজার ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৫ লাখ ৩৭ হাজার টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৫ হাজার ৫০০ টাকা এবং একটি ভিভো স্মার্টফোন জব্দ করা হয়েছে বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।