ঢাকা: ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) থেকে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়ার জন্য উপকারভোগী নির্বাচনের নিয়মে বড় পরিবর্তনের নির্দেশিকা জারি করেছে সরকার। এত দিন ঢালাওভাবে নিম্ন আয়ের মানুষকে এই সুবিধার আওতায় রাখা হলেও নতুন নীতিমালায় সুনির্দিষ্ট করা হয়েছে উপকারভোগীর যোগ্যতা, কার্ড পাওয়ার শর্ত এবং বরাদ্দ সংক্রান্ত বিস্তারিত তথ্য।
মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা ‘সমগ্র বাংলাদেশে টিসিবির উপকারভোগী নির্বাচন এবং ভর্তুকি/সাশ্রয়ীমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা-২০২৬’-এ এসব বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
কারা পাবেন টিসিবি কার্ড?
নতুন নির্দেশিকা অনুযায়ী হতদরিদ্র পরিবার, নিম্ন আয়ের ব্যক্তি, ভূমিহীন, কৃষিশ্রমিক, দিনমজুর, চা-শ্রমিক, চাতালশ্রমিক, কারখানার শ্রমিক এবং উপার্জনে অক্ষম ব্যক্তিরা কার্ডের জন্য বিবেচিত হবেন।
বিশেষ অগ্রাধিকার পাবেন যারা, বিধবা, তালাকপ্রাপ্ত ও স্বামী পরিত্যক্ত নারী, অসচ্ছল বয়স্ক নারীপ্রধান পরিবার, দুস্থ পরিবার, যাদের ঘরে শিশু বা প্রতিবন্ধী সদস্য রয়েছে
আবেদনের শর্তাবলি:
১. স্থায়ী বাসিন্দা:আবেদনকারীকে সংশ্লিষ্ট সিটি করপোরেশন, পৌরসভা অথবা ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. এনআইডি ও মোবাইল: আবেদনকারীর নিজস্ব জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং সেই এনআইডি দিয়ে নিবন্ধিত একটি সচল মোবাইল নম্বর থাকতে হবে। ক্ষেত্রবিশেষে স্বামী বা স্ত্রীর এনআইডি প্রয়োজন হতে পারে।
৩. এক পরিবারে এক সুবিধা: একই পরিবারের একাধিক ব্যক্তি এই সুবিধার আওতায় আসতে পারবেন না।
পণ্যের পরিমাণ ও নির্ধারিত দাম
টিসিবি কার্ডধারী প্রতি পরিবার নির্ধারিত মূল্যে যেসব পণ্য পাবে:
ভোজ্যতেল: ২ লিটার (প্রতি লিটার ১০০ টাকা)
মসুর ডাল: ২ কেজি (প্রতি কেজি ৬০ টাকা)
চিনি: ১ কেজি (প্রতি কেজি ৭০ টাকা)
চাল: খাদ্য মন্ত্রণালয়ের বরাদ্দ সাপেক্ষে প্রতি পরিবারকে অতিরিক্ত ৫ কেজি চাল দেওয়া হবে।
এছাড়া পবিত্র রমজান ও ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের সুবিধার্থে সরকার নির্ধারিত বরাদ্দের বাইরে ভ্রাম্যমাণ ট্রাকসেলের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করবে।
অ্যাপে ডাটাবেজ ও অনিয়মের কার্ড বাতিল
টিসিবি সূত্রে জানা গেছে, তথ্য সংরক্ষণে স্বচ্ছতা আনতে ‘টিসিবি সেবা অ্যাপ’-এর মাধ্যমে উপকারভোগীদের ডিজিটাল তথ্যভাণ্ডার তৈরি করা হচ্ছে। অনিয়মের অভিযোগে ইতোমধ্যে বাতিল করা ৫৯ লাখ কার্ড ডিজিটাল সিস্টেমে রূপান্তর করে প্রকৃত সুবিধাবঞ্চিতদের মাঝে পুনর্নিয়োগ বা বিতরণ করা হবে।
মনিটরিং ও সিসিটিভি ক্যামেরা বাধ্যবাধকতা
মাঠপর্যায়ে পণ্য বিক্রিতে স্বচ্ছতা নিশ্চিত করতে সিটি করপোরেশন, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে পৃথক তদারক কমিটি কাজ করবে। জেলা প্রশাসকদের (ডিসি) সভাপতি এবং স্থানীয় সংসদ সদস্যদের উপদেষ্টা করে জেলা কমিটি গঠিত হয়েছে।
পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে ‘ট্যাগ টিম’ ডিলারের দোকান সরাসরি পর্যবেক্ষণ করবে। কোনো ধরনের দুর্নীতি বা বিশৃঙ্খলা এড়াতে ডিলারের দোকানের সামনে মূল্যের দৃশ্যমান তালিকা টানানো এবং সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে।
টিসিবি’র কার্ড: কারা ও কীভাবে পাবেন
সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২৬ ১২:০৩
৩০ সেপ্টেম্বর ২০২৬ ১২:০৩
সারাবাংলা/এনএল/এনজে