ঢাকা: রাজধানীর ইসিবি চত্বর এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ-এর আদালত শর্তসাপেক্ষে তার জামিন মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী জানান, দুই হাজার টাকা মুচলেকায় মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পর্যন্ত গোলাম মহিউদ্দিন-কে জামিন দেওয়া হয়েছে। আগামী ২৮ অক্টোবর মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় গোলাম মহিউদ্দিনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। ওই মামলায় তাকে চার নম্বর আসামি করা হয়েছে।
মামলাটিতে আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে হামলার জন্য লোক ভাড়া করার অভিযোগে ঠিকাদার বিকাশকেও গ্রেফতার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলার ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, ওই সময় হামলাকারীরা প্রকল্প এলাকায় ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। একই সময় সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতেও হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়।
এ ঘটনায় নিউগিনি প্রোপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ২৭ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলাটির তদন্ত চলছে। আগামী ২৮ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে।