Saturday 17 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিসিটিভি ফুটেজে মিলল অটোরিকশাচালক তুষার হত্যার সূত্র, গ্রেফতার ৭

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৬ ২০:৫৮

অটোরিকশা কেনাবেচায় পুলিশের অভিযুক্ত ধৃতরা -ছবি : সংগৃহীত

চট্টগ্রাম: জেলার হাটহাজারীতে ব্যাটারিচালিত অটোরিকশাচালক মো. আব্দুল নুর তুষার (২২) হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ। দুই শতাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকাণ্ড ও ছিনতাই করা অটোরিকশা কেনাবেচায় জড়িত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মাসুদ আলম।

গত ১ অক্টোবর বিকেল সোয়া ৫টার দিকে হাটহাজারীর চিকনদণ্ডী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের যোগীরহাট থেকে খন্দকিয়া বাজারগামী ইটের সলিং রাস্তার পাশের একটি বিল থেকে তুষারের গলায় রশি ও গামছা প্যাঁচানো মরদেহ উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থলে তার অটোরিকশাটি পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

পুলিশ সুপার মো. মাসুদ আলম সংবাদ সম্মেলনে জানান, নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় হওয়ায় সেখান থেকে হাটহাজারী পর্যন্ত দুই শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজনদের চলাচলের পথ শনাক্ত করা হয়।

বায়েজিদ বোস্তামীর কুলগাঁওয়ে সাদ-মুছা গার্মেন্টস ফ্যাক্টরির সামনে থেকে তুষারের অটোরিকশাটি ভাড়া নেয় আসামিরা। পরে নির্জন স্থানে নিয়ে রশি ও গামছা দিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করে মরদেহ বিলে ফেলে অটোরিকশা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। পরে অটোরিকশাটি বিক্রির উদ্দেশ্যে ঠাণ্ডাছড়ি এলাকায় একটি ওয়ার্কশপে রাখা হয়।

তিনি আরও জানান, গত ১৫ অক্টোবর সন্ধ্যা থেকে ১৬ অক্টোবর রাত পর্যন্ত চৌধুরীহাট, সন্দ্বীপ কলোনি ও ঠাণ্ডাছড়িতে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করা হয়। এর আগে গত ৭ অক্টোবর মোবাইল ফোনের সিমসহ রাসেল নামে আরেকজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে আকতার হোসেনের গ্যারেজ থেকে অটোরিকশার তিনটি ব্যাটারি ও বডির অন্যান্য অংশ উদ্ধার করা হয়েছে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতার অভিযান চলছে।