রাজধানীর বনানী সুপার মার্কেট কাম হাউজিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামীকাল ১৮ অক্টোবর। নির্বাচনের আগে নির্বাচন কমিশনের উদ্যোগে প্রার্থী পরিচিতি আয়োজন অনুষ্ঠিত হয়ে গেল।
বনানী সুপার মার্কেটে অনুষ্ঠিত এই আআয়োজনে নির্বাচনের আগে ভোটারদের আকৃষ্ট করার লক্ষ্যে বিভিন্ন প্রতিশ্রুতি ও কর্মপরিকল্পনা তুলে ধরেন প্রার্থীরা। নির্বাচন সুষ্ঠভাবে অনুষ্ঠিত করার লক্ষ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
১১টি পদের বিপরীতে এই নির্বাচনে প্রার্থী হয়েছেন মোট ২৭ জন। তার মধ্যে সভাপতি পদে নির্বাচন করছেন ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন, সহ-সভাপতি পদে ২ জন আর যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২ জন। নির্বাচনে মোট ভোটার ২২৭ জন।
এর আগে ব্যবসায়ীদের সঙ্গে একাধিক বৈঠকের পর প্রধানমন্ত্রীর একান্ত সচিব ও ঢাকা-১৭ আসনের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি প্রকৌশলী আব্দুর রহমান সানির উদ্যোগে ২২৭ জন ব্যবসায়ীর ভোটে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে নির্বাচন পরিচালনার জন্য নির্বাচনী কমিটিও গঠন করা হয়।
এতে প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছেন কবির আহমেদ সরকার (ব্যান্ডবক্স)। নির্বাচক হিসেবে রয়েছেন আশরাফ আহমেদ (পেশ ইমাম, বনানী সুপার মার্কেট), শামসুজ্জামান রনি (রেজিস্ট্রার, বনানী সোসাইটি), দিলীপ চৌধুরী টুম্পা (ফ্যাশন ইন ফ্যাশন বাই টুম্পা) এবং শহীদুল ইসলাম (আর্ট ফ্যাশন)।
নির্বাচন ব্যবস্থাপনা কমিটির দায়িত্বে আছেন আবদুল বাতেন নকী (মেসার্স জিন্স ফ্যাশন), হাজী নাসির উদ্দীন (নাদিয়া লেডিস ফ্যাশন), আবদুল হালিম (হালিম টেলিকম), মাসুদ রানা মুকুল (মুকুল ইলেকট্রনিক্স), হাবিবুর রহমান লিটন (নূর নাহার জুয়েলার্স) এবং এস এম শামসুদ্দিন বাহার (ফটো জোন)।
সেই সঙ্গে ভোটার তালিকা ও প্রার্থীর তথ্য যাচাই-বাছাই এবং সার্বিক পর্যবেক্ষক পর্ষদ কমিটিও গঠন করা হয়।
প্রার্থী পরিচিতি আয়োজনে প্রধান নির্বাচক কবির আহমেদ সরকার বলেন, সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানের জন্য সকলকে সহযোগিতা করতে হবে। নির্বাচনের পর যে ফল আসবে সেটা সকলকে মেনে নেওয়ার আহ্বানও জানান তিনি।
নির্বাচন ব্যবস্থাপনা কমিটির দায়িত্বে থাকা আবদুল বাতেন নকী নিজের বক্তব্যে বলেন, ১৮ তারিখ যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা কোনো সাধারণ নির্বাচন নয়। দীর্ঘদিন এই মার্কেট অচল অবস্থা থাকার পর একটি নির্বাচনের পরিবেশ তৈরি করা হয়েছে। নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে স্বল্প সময়ের মধ্যে আমাদের অনেক কাজ করতে হয়েছে। এখন একটি সুন্দর, সুষ্ঠ নির্বাচনের জন্য অপেক্ষা।
এদিকে, নির্বাচনকে সামনে রেখে বনানী সুপার মার্কেট এলাকায় ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে। যোগ্যপ্রার্থীরা নির্বাচিত হয়ে মার্কেটের সকল অসুবিধায় ব্যবসায়ীদের পাশে থাকবেন এমন প্রত্যাশা ভোটারদের।