Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে বিশেষ চাবি দিয়ে লক ভেঙে মোটরসাইকেল চুরি, গ্রেফতার ৬

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২৬ ১৪:১৫

ঢাকা: রাজধানীতে বিশেষভাবে তৈরি লোহার চাবি ব্যবহার করে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে লক ভেঙে মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের থেকে লক ভাঙার দুটি চাবি ও ৯টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম এসব কথা বলেন।

গ্রেফতাররা হলো- রাশেদুল ইসলাম ওরফে রফিক ওরফে রাসেল (৩০), মো. আমির ফয়সাল ওরফে রাব্বি (৩০), ফয়সাল (২৫), সৌরভ (২২), জাহাঙ্গীর আলম পাপ্পু (২৯) ও মোজাম্মেল হক মাসুম (২২)।

বিজ্ঞাপন

শফিকুল ইসলাম বলেন, গত ২ অক্টোবর বিকাল সাড়ে ৪টায় মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডের বাইতুর রহমান মসজিদের সামনে এক ব্যক্তি তার মোটরসাইকেলটি লক করে আসরের নামাজ আদায় করতে মসজিদে প্রবেশ করেন। এই সুযোগে চোর চক্রের সদস্যরা বিশেষভাবে তৈরি লোহার চাবি ব্যবহার করে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে লক ভেঙে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত হলে তা গোয়েন্দা বিভাগের নজরে আসে। ডিবি-লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম দ্রুত ফুটেজ পর্যালোচনা এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় চোর চক্রের সদস্যদের শনাক্ত করে।

তিনি বলেন, সবুজবাগ থানাধীন নন্দীপাড়া ও মাদারটেক এলাকায় অভিযান পরিচালনা করে রাশেদুল ইসলাম ওরফে রফিক ওরফে রাসেলকে দুটি বিশেষ চাবি ও একটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী থানাধীন সাদ্দাম মার্কেটের সামনে থেকে আমির ফয়সাল ওরফে রাব্বিকে একটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার লাকসাম থানা এলাকায় অভিযান পরিচালনা করে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ ফয়সাল ও সৌরভকে গ্রেফতার করা হয়। নোয়াখালীর চাটখিল থানা এলাকায় অভিযান পরিচালনা করে আরও তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ জাহাঙ্গীর আলম পাপ্পু ও মোজাম্মেল হক মাসুমকে গ্রেফতার করা হয়। চুরির ঘটনায় ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রাসেল ও রাব্বি জানায়, তারা রাজধানীর বিভিন্ন স্থান থেকে একই কৌশলে মোটরসাইকেল চুরি করে কুমিল্লার লাকসামের ফয়সাল, সৌরভ ও নোয়াখালীর চাটখিলের পাপ্পু ও মাসুমের কাছে সরবরাহ করতো। গ্রেফতার রাসেলের বিরুদ্ধে মোটরসাইকেল চুরির ১৫টি মামলা এবং আমির ফয়সাল ওরফে রাব্বির বিরুদ্ধে ৭টি চুরির মামলা রয়েছে। এ ছাড়া রাসেলের বিরুদ্ধে ১টি জিআর সাজা পরোয়ানা এবং রাফির বিরুদ্ধে ২টি জিআর পরোয়ানা মুলতবি রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি গ্রহণ প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর