Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যাত্রাবাড়ীতে চালকের চোখ নষ্টের ঘটনায় ফের গ্রেফতার আনিসুল-পলক

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২৬ ১৩:৫৭

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে মামুন (২৫) নামে এক চালকের বাম চোখ নষ্ট হওয়ার ঘটনায় করা হত্যাচেষ্টা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফের গ্রেফতার দেখিয়েছেন আদালত।

রোববার (১৮ অক্টোবর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত ৩০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক আওলাদ হুসাইন এ মামলায় আনিসুল হক ও জুনাইদ আহমেদ পলককে গ্রেফতার দেখানোর আবেদন করেন।

বিজ্ঞাপন

আবেদনে বলা হয়, আনিসুল হক ও পলক অন্য একটি হত্যা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকারের পক্ষে তারা সক্রিয় ভূমিকা পালন করেছিলেন বলে অভিযোগ রয়েছে। মামলার তদন্তে তাদের সংশ্লিষ্টতার প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে বলেও আবেদনে উল্লেখ করা হয়। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে এ মামলায় তাদের গ্রেফতার দেখানো প্রয়োজন বলে জানান তদন্ত কর্মকর্তা।

আদালতে আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখিসহ অন্য আইনজীবীরা গ্রেফতার দেখানোর আবেদনের বিরোধিতা করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামছুদ্দোহা সুমন আবেদনের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই সকাল ৯টা থেকে মামুনের বন্ধু হোসেন, খোকন, আরিফসহ অনেকে যাত্রাবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন। ওই দিন বিকেল ৩টার দিকে যাত্রাবাড়ী থানার সামনে ফ্লাইওভারের ওপর অবস্থানকালে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালানো হয়।

এ সময় মামুনের শরীরের বিভিন্ন স্থানে, বাম চোখে ও মাথায় গুলি লাগে। আহত অবস্থায় প্রথমে তাকে যাত্রাবাড়ীর কাজলা ইসলামিয়া হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিন দিন চিকিৎসাধীন থাকার পর মামুনের বাম চোখের অবস্থার অবনতি হলে তাকে জাতীয় চক্ষু হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসার একপর্যায়ে তার বাঁ চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যায় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সারাবাংলা/টিএম/এনজে